ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) চারটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে নতুন নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। বিদায়ী চেয়ারম্যান মাসুদ খান পদত্যাগ করলে কোম্পানিটির আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসরণ করে রুহুল কুদ্দুস খানকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার অর্পণ করা হয়।

গত ২৮ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রুহুল কুদ্দুস খান বর্তমানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও বহাল রয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ৩২৮তম পর্ষদ সভায় অন্যান্য পদেও নিয়োগের অনুমোদন দেওয়া হয়। শাদমান সাদিকিনকে কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আর্থিক বিভাগের দায়িত্ব নিতে চলেছেন সামসুদ্দোহা নাঈম। সংশ্লিষ্ট বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পাদন সাপেক্ষে তাকে হেড অব ফাইন্যান্স পদে নিয়োগের অনুমোদন দিয়েছে পর্ষদ।

অন্যদিকে, কোম্পানির সেক্রেটারি হিসেবে যোগ দিচ্ছেন শারমিন আক্তার।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন নিয়োগগুলোর মাধ্যনমে করপোরেট সুশাসন সুদৃঢ় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দক্ষতার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করে নেতৃত্বে গতিশীলতা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা অব্যাহত রেখে সংশ্লিষ্ট অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার। রুহুল কুদ্দুস খানের চেয়ারম্যানের মেয়াদ হবে তিন বছর।