যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের বিডেফোর্ড শহরে সোমবার এক গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজ্যের হাউস স্পিকার রায়ান ডোটি ফেক্টু ফেসবুকে জানিয়েছেন, এই ঘটনায় আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) জড়িত ছিল। তিনি বলেন, নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিডেফোর্ড পুলিশ স্থানীয় গণমাধ্যমকে আইসিই-র সম্পৃক্ততা নিশ্চিত করলেও ঘটনার অন্যান্য বিষয়ে কোনো বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের দাবি, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাদের একমাত্র ভূমিকা।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলে এফবিআই উপস্থিত রয়েছে। ফেক্টু ফেসবুকে আরও জানান, রাজ্য পুলিশ ও জননিরাপত্তা বিভাগ বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করছে এবং তিনি আশা করছেন যে এফবিআই তদন্ত করবে।
ঘটনার পর পরই আইসিই-বিরোধী প্রতিবাদ শুরু হয়েছে। স্থানীয় সংগঠন বিডেফোর্ড স্যাকো ফর রেসিয়াল জাস্টিস সোমবার দুপুরে একটি বিক্ষোভের আয়োজন করেছে, যেখানে এই গুলির ঘটনার প্রতিবাদ জানানো হবে।
এই ঘটনা ঘটেছে লরেঞ্জো সালগাদো আরাউজো নামে এক ব্যক্তি হিউস্টনে ট্রাফিক স্টপের সময় আইসিই এজেন্টের গুলিতে নিহত হওয়ার মাত্র কয়েকদিন পর। ওই ঘটনার পরিস্থিতি নিয়ে সাক্ষী ও আইসিই-এর বক্তব্যের মধ্যে দ্বিমত রয়েছে।
এর আগে জানুয়ারিতে মিনেসোটায় আইসিই এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক রিনি গুড এবং অ্যালেক্স প্রেত্তির মৃত্যু হয়েছিল। সে সময় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ দেখা দেয়, যা ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও ব্যাপক নির্বাসন প্রচেষ্টার বিরুদ্ধে জনমনের প্রতিফলন ঘটায়।
মেইন রাজ্যটি ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসন এজেন্ট মোতায়েনের লক্ষ্যবস্তু ছিল। জানুয়ারিতে সেখানে 'অপারেশন ক্যাচ অব দ্যা ডে' নামে একটি অভিযান শুরু করা হয়, যেখানে 'অপরাধী অবৈধ অভিবাসীদের' টার্গেট করার কথা বলা হলেও কয়েক দিনের মধ্যেই তা প্রত্যাহার করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এই ঘটনা নিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা থাকলেও এখনও নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি।


