প্রয়াত হলেন হলিউডের সোনালি যুগের অভিনেত্রী জোয়ান ব্ল্যাকম্যান। কিংবদন্তি সংগীতশিল্পী ও অভিনেতা এলভিস প্রিসলির বিপরীতে ‘ব্লু হাওয়াই’ এবং ‘কিড গ্যালাহাড’-এর মতো ক্লাসিক সিনেমায় প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। জোয়ান ব্ল্যাকম্যানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড ও তার অসংখ্য ভক্তদের মধ্যে। ‘ব্লু হাওয়াই’ সিনেমাটি ১৯৬১ সালে মুক্তি পায় এবং এটি এলভিস প্রিসলির অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত। এই সিনেমায় জোয়ানের চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি এলভিস অভিনীত চরিত্রের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন। একইভাবে ১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘কিড গ্যালাহাড’ ছবিতেও প্রিসলির সঙ্গে তার জুটি বেঁধেছিল দর্শকদের মন জয় করে। জোয়ান ব্ল্যাকম্যানের ক্যারিয়ার ১৯৫০ ও ১৯৬০-এর দশকে বিস্তৃত ছিল। এলভিস প্রিসলির ছবি ছাড়াও তিনি আরও বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তবে এলভিসের সঙ্গে তার কাজই তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়। তার মৃত্যুতে হলিউডের সোনালি যুগের আরও একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে স্মৃতি রোমন্থন করছেন।
এলভিস প্রিসলির ‘ব্লু হাওয়াই’-এর নায়িকা জোয়ান ব্ল্যাকম্যান আর নেই
এলভিস প্রিসলির জনপ্রিয় চলচ্চিত্র ‘ব্লু হাওয়াই’ ও ‘কিড গ্যালাহাড’-এ তার প্রেমিকার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী জোয়ান ব্ল্যাকম্যান ৮৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন।




