মেজর লিগ বেসবল (এমএলবি) ফ্র্যাঞ্চাইজি নিউইয়র্ক ইয়াঙ্কিসের মালিকদের জন্য ২.৬ বিলিয়ন ডলারের অর্থায়ন সরবরাহ করছে অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেড। মার্কিন স্পোর্টসে প্রাইভেট ক্যাপিটাল জায়ান্টটির এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। মঙ্গলবার এক বিবৃতিতে এই চুক্তির কথা নিশ্চিত করা হয়েছে, যা পূর্ববর্তী ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনের সত্যতা প্রমাণ করে। এই চুক্তির আওতায় অ্যাপোলোর স্পোর্টস বিনিয়োগ শাখা ঋণ এবং ইক্যুইটি উভয় ক্ষেত্রেই অর্থায়ন করবে। প্রাপ্ত অর্থ ফ্র্যাঞ্চাইজিটির প্রবৃদ্ধি সমর্থন এবং বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে।

বিশ্বের জনপ্রিয় খেলাগুলোর লিগ এবং ফ্র্যাঞ্চাইজিতে আরও বেশি বিনিয়োগের লক্ষ্যে অ্যার্কটোস পার্টনার্স, সিভিসি ক্যাপিটাল পার্টনার্স এবং অ্যারেস ম্যানেজমেন্ট কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকায় স্পোর্টস ফাইন্যান্সিং বাজার দিন দিন প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। ব্রঙ্কসে অবস্থিত ইয়াঙ্কিস মার্কিন বেসবলের আর্থিক শক্তির কেন্দ্র হিসেবে পরিচিত। স্পোর্টিকোর মূল্যায়ন অনুযায়ী, এই ফ্র্যাঞ্চাইজিটির মূল্য ৯ বিলিয়ন ডলারেরও বেশি, যা এটিকে বিশ্বের সবচেয়ে মূল্যবান দলগুলোর একটি করেছে। জো ডিম্যাজিও, মিকি ম্যান্টল, বেব রুথ এবং ডেরেক জেটারের মতো কিংবদন্তি খেলোয়াড়দের ইতিহাস এবং পণ্যদ্রব্যে খোদাই করা এনওয়াই মনোগ্রামের কারণে এটি বিশ্বের সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে একটি।

ক্লাবটি ইতিহাসে ২৭ বার ওয়ার্ল্ড সিরিজ শিরোপা জিতেছে, যদিও ২০০৯ সালের পর আর কোনো শিরোপা জিততে পারেনি। শীর্ষ খেলোয়াড়দের জন্য অর্থ খরচ করতে রাজি থাকা সত্ত্বেও এই খরা অব্যাহত রয়েছে। ইয়াঙ্কিসের মালিক ইয়াঙ্কি গ্লোবাল এন্টারপ্রাইজেস, যা ব্যবসায়ী হাল স্টেইনব্রেনার এবং তার পরিবারের সদস্যদের দ্বারা নিয়ন্ত্রিত একটি কোম্পানি। এই গ্রুপটি ইতালীয় ফুটবল ক্লাব এসি মিলান এবং মেজর লিগ সকারের নিউইয়র্ক সিটি এফসিতেও বিনিয়োগ করেছে। তবে স্টেইনব্রেনার পরিবার ইয়াঙ্কিসের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখবে।

মঙ্গলবারের বিবৃতিতে হাল স্টেইনব্রেনার বলেছেন, আমরা ক্রমাগত আমাদের অবস্থান শক্তিশালী করার উপায় খুঁজছি এবং এই অংশীদারিত্ব আমাদের কৌশলগত সুযোগগুলি অনুসরণ করার সুযোগ দেবে। স্পোর্টস লিগ এবং ক্লাবগুলিতে দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রদানের পাশাপাশি মালিকানা অংশীদারিত্ব নেওয়ার দিকে মনোযোগ বাড়িয়ে চলেছে অ্যাপোলো। আল টাইলিসের নেতৃত্বাধীন অ্যাপোলো স্পোর্টস ক্যাপিটাল গত বছর ৫ বিলিয়ন ডলারের একটি উদ্যোগ চালু করেছিল এবং তারপর থেকে স্প্যানিশ ফুটবল ক্লাব অ্যাটলেটিকো ডি মাদ্রিদের প্রধান শেয়ারহোল্ডার হয়ে উঠেছে। টাইলিস ইয়াঙ্কি গ্লোবাল এন্টারপ্রাইজেসের বোর্ডে যোগ দেবেন, যার ফলে বোর্ডের আসন এক বাড়বে। গোল্ডম্যান শ্যাস গ্রুপ ইনকর্পোরেটেড ইয়াঙ্কি গ্লোবাল এন্টারপ্রাইজেসকে পরামর্শ দিয়েছে।