উপন্যাসনির্ভর ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’ মুক্তির পর থেকেই দর্শকমহলে তুমুল আলোড়ন তৈরি করেছে। দিব্য প্রকাশ দুবের একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই ৮ পর্বের সিরিজটি গত ২৪ জুলাই আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়। এরপর থেকেই এটি আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেউ কেউ এই সিরিজটিকে আধুনিক সম্পর্কের দলিল বলেও অভিহিত করছেন। গল্পটি ঘিরে এত আলোচনার কারণ কী, সিরিজটিতে এমন কী আছে যা দর্শকদের এতটা মুগ্ধ করছে?

গল্পের কেন্দ্রে রয়েছে তিনটি চরিত্র — চন্দর, সুধা ও প্রীতি। বিয়ের উদ্দেশ্যে পরিচয়ের পর চন্দর ও সুধার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যদিও প্রথাগত বিয়ের বন্ধনে তারা আবদ্ধ হয়নি। একসঙ্গে জীবন কাটানোর পর নিজের ক্যারিয়ারের স্বার্থে সুধা চন্দরকে ছেড়ে চলে যায়। অন্যদিকে, বিদেশে উচ্চবেতনের চাকরি ছেড়ে দেশে ফিরে আসা চন্দর মনের গভীরে ক্ষত বুকে নিয়ে পাহাড়ের কোলে একটি ক্যাফে খুলে শান্ত জীবনযাপনের স্বপ্ন দেখতে থাকে। এই সময়ই তার জীবনে আসে প্রীতি — যে ঘুরে বেড়াতে ভালোবাসে এবং লেখালেখি করে। দুজনে মিলে পাহাড়ি পথের ধারে গড়ে তোলে ‘মুসাফির ক্যাফে’ — নামটি রাখা সুধার। অনেক বছর পর হঠাৎ করেই চন্দরের জীবনে ফিরে আসে সুধা, আর পুরোনো স্মৃতি ও ভালোবাসার টান যেন নতুন করে জেগে ওঠে। শেষ পর্যন্ত চন্দর কাকে বেছে নেবে — সুধা না প্রীতিকে — তা নিয়েই আবর্তিত হয় সিরিজটির কাহিনি।

সিরিজটির সবচেয়ে বড় শক্তি তার নির্মাণশৈলী। মুসৌরির চোখজুড়ানো পাহাড়ি দৃশ্য ও ক্যাফের নির্মল পরিবেশ দর্শকদের মনকে উদ্বেলিত করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানগুলো, বিশেষ করে ‘ডারমিয়ান’ গানটি, দৃশ্যগুলোর আবেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চিত্রনাট্য করেছেন শরন্যা রাজগোপাল। প্রথমে এটি সিনেমা হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও চরিত্রগুলোর গভীরতা বিবেচনা করে ৮ পর্বে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

‘মুসাফির ক্যাফে’র জনপ্রিয়তার পেছনে লেখক দিব্য প্রকাশ দুবের বিশেষ অবদান রয়েছে। ভারতীয় এই লেখকের সহজ, সাবলীল ও আবেগনির্ভর লিখনশৈলী পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ২০১৬ সালে প্রকাশিত ‘মুসাফির ক্যাফে’ বইটি অ্যামাজনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বেস্টসেলার তালিকায় ছিল। ফলে সিরিজটি পর্দায় আসার আগেই এর বিশাল পাঠকগোষ্ঠী ছিল, যা মুক্তির পরপরই সিরিজটিকে বড় ধরনের প্রচার এনে দিয়েছে।

অভিনয়ের দিক থেকেও সিরিজটি প্রশংসনীয়। চন্দর চরিত্রে বিক্রান্ত ম্যাসি দুর্দান্ত অভিনয় করেছেন। বাইরে শান্ত কিন্তু ভেতরে বিভ্রান্ত ও আবেগপ্রবণ এই চরিত্রটির দ্বিধাদ্বন্দ্ব তিনি পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। সুধা চরিত্রে বেদিকা পিন্টোও চমৎকার। নিজের লক্ষ্য ও স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া এই তরুণীকে তিনি প্রাণবন্তভাবে উপস্থাপন করেছেন। প্রীতি চরিত্রে মহিমা মাকওয়ানা চন্দর ও সুধার দুই ভিন্ন জগতের মধ্যে একধরনের স্থায়িত্ব ও বাস্তবতার সেতুবন্ধ রচনা করেছেন। এছাড়া মার্ক আব্রাহাম চরিত্রে আদিল হোসেনের অভিনয় গল্পে গভীরতা এনেছে। পরিচালক রুচির অরুণের দক্ষ হাতের ছোঁয়াও সিরিজটিকে বিশেষ মাত্রা দিয়েছে।

ওয়েব সিরিজটি কেন এতটা জনপ্রিয় হলো, তা বিশ্লেষণ করলে দেখা যায় — এর গল্পে জীবনের পরতে পরতে মিশে থাকা অপূর্ণতার ছায়া আছে। মানুষ যে পরিবর্তনশীল, সম্পর্কগুলো যে নিখুঁত নয় — এই সহজ সত্যটিই সিরিজটিতে নিদারুণভাবে ফুটে উঠেছে। জেন-জি প্রজন্ম প্রথাগত রোমান্স বা অতি নাটকীয় গল্প পছন্দ করে না; তারা চায় সত্যতা এবং বাস্তব জীবনের জটিলতার স্পষ্ট প্রতিফলন। সিরিজটিতে সিচুয়েশনশিপ বা ক্যারিয়ারের জন্য সম্পর্ককে গুরুত্ব না দেওয়ার মতো আধুনিক সম্পর্কের টার্মগুলো উঠে এসেছে। যেখানে সুধা প্রেমের জন্য নিজের স্বপ্ন বা ক্যারিয়ারকে বিসর্জন দেয় না, ভালোবাসা বলেই সবকিছু মানিয়ে নিতে হবে — পুরোনো এই ধারণাকে ভেঙে দিয়ে আত্মপরিচয়কে অগ্রাধিকার দেওয়ার বাস্তব মানসিকতাই এখানে চিত্রিত হয়েছে।

তবে সমালোচনাও কম নেই। ত্রিভুজ প্রেমের গল্প নতুন কিছু নয়, গল্প কিছুটা ধীরগতির — এমন মন্তব্যও করেছেন অনেকে। কিছু জায়গায় পরিণতি খুব সহজেই অনুমেয় বলে মনে করেন দর্শকরা। বর্তমান সঙ্গী থাকার পরও অতীতের স্মৃতির মায়ায় আটকে থাকা চন্দর চরিত্রটিকে কেউ কেউ রেড ফ্ল্যাগ বলেও মনে করছেন। তবুও, ভালোবাসা, একাকিত্ব, হারানোর ভয়, অনুশোচনা — এই অনুভূতিগুলো চিরাচরিত, যা সব প্রজন্মের মানুষের কাছেই একই রকম। তাই আপাতদৃষ্টিতে তরুণদের সম্পর্কের গল্প মনে হলেও, সব বয়সের দর্শকই সিরিজটি উপভোগ করছেন, আর এটিই ‘মুসাফির ক্যাফে’কে করে তুলেছে আধুনিক সম্পর্কের এক নিবিড় দলিল।