নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিজান (২৫)। তিনি শহরের পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ মিয়ার ছেলে।

নিহত যুবকের বাবা ইউনূস মিয়ার অভিযোগ, এলাকার মসজিদের ইমাম কাউছার হোসেন সম্প্রতি 'আল ফালাহ কল্যাণ' নামে মাদক ও সন্ত্রাসবিরোধী একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। এই সংগঠনে অন্তত ৩০ থেকে ৪০ জন সদস্য রয়েছেন। অভিযোগ, কাউছার ওই সংগঠনের সদস্যদের দিয়ে এলাকার অনেক ছেলেকে ধরে এনে নির্মম নির্যাতন করেন।

ইউনূস মিয়া বলেন, গতকাল রাত ৮টার দিকে কাউছারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন কিশোর ও যুবক তাঁর ছেলে সিজানকে বাসা থেকে ধরে নিয়ে যান। এরপর মাসদাইর মোড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হয়। পাইপ দিয়ে পিটিয়ে তাঁর ডান পা ভেঙে দেওয়া হয়। সিজান নিথর হয়ে পড়লে কাউছার খুঁটি থেকে হাতের বাঁধন খুলে দিয়ে চিকিৎসা করাতে বলেন। পরে সিজানকে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযোগের জবাবে কাউছার হোসেন বলেন, সিজানের নামে ছিনতাইসহ অনেক অভিযোগ রয়েছে। তাঁকে বাসা থেকে আনা হয়েছিল বুঝানোর জন্য, যাতে সে খারাপ কাজ ছেড়ে দেয়। তখন কিছু উত্তেজিত লোকজন সিজানকে পিটুনি দেয়। যারা পিটুনি দিয়েছে, তারা তাঁর কেউ নয় বলে দাবি করেন তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রথম আলোকে জানান, সিজানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।