পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) আইনসভার নির্বাচনের প্রথম দফায় বিপুল জয় পেয়েছে পিএমএল-এন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এই দলটি মোট ১৩টি আসনের মধ্যে ৯টিতে জয়ী হয়েছে বলে প্রাথমিক ও অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে। অপরদিকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বাকি চারটি আসনে জয় পেয়েছে। গতকাল সোমবার মিরপুর, কোটলি ও ভিম্বর জেলার মোট ১৩টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সন্ধ্যা পাঁচটায় ভোটগ্রহণ শেষ হলে গণনা শুরু হয়। প্রাপ্ত অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, পিএমএল-এন মিরপুরের দুটি, ভিম্বরের তিনটি এবং কোটলির চারটি আসনে জয়লাভ করেছে। পিপিপি মিরপুর ও কোটলি জেলায় দুটি করে আসনে বিজয়ী হয়েছে।
পিএমএল-এনের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, প্রশাসন নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল। তবে তিনি নির্বাচন চলাকালে দুটি সহিংস ঘটনার কথাও উল্লেখ করেন। তাঁর মতে, একটি ঘটনা পারিবারিক কলহের কারণে গুলিবর্ষণের ঘটনা। অন্যটি নাকিয়াল এলাকায় ঘটে, যেখানে একজন নিহত হন। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
রানা সানাউল্লাহ আরও অভিযোগ করেন, ভিম্বরের একটি আসনে এক প্রার্থী নিজেই একটি ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স সরিয়ে নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, এই বিচ্ছিন্ন ঘটনাগুলো বাদ দিলে নির্বাচন সামগ্রিকভাবে স্বাধীন ও ন্যায়সঙ্গত হয়েছে।
উল্লেখ্য, আজাদ কাশ্মীরের আইনসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপ আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে কাশ্মীরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।




