স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে রোববার এক চিঠি জারি করা হয়েছে। ওই চিঠিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে আনীত একাধিক অভিযোগ সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মু. মনিরুজ্জামানকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কমিশন–বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ পদোন্নতি, অনিয়মের মাধ্যমে তৃতীয় গ্রেডের সুবিধা গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জন। চিঠিতে অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ না থাকলেও সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। তদন্ত কর্মকর্তা সংযুক্ত নথি পর্যালোচনা করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ নগরীর সড়ক, নর্দমা, অবকাঠামো নির্মাণ ও সংস্কারের মতো বড় অঙ্কের উন্নয়নকাজের সঙ্গে জড়িত। বিভাগটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি স্থানীয় সরকার বিভাগের নজরে এসেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে বর্তমানে শুধু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়।

চিঠির অনুলিপি ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং তদন্তকাজে সার্বিক সহযোগিতা করতে বলা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের যুগ্ম সচিব, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব, বিভাগের সচিবের একান্ত সচিব এবং ডিএসসিসির প্রশাসকের একান্ত সচিবের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।