চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎ খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টার ঘটনায় এক যুবককে আটকের পর স্থানীয় জনতার পিটুনির শিকার হতে হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক যুবকের নাম মো. ইউসুফ (২৫)। শুক্রবার ভোর থেকে সকাল আটটার মধ্যে উপজেলার রাঢ়িকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, পল্লী বিদ্যুৎ সমিতি ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে ইউসুফ তার দুই সহযোগী মো. শামীম ও মো. আফজালকে নিয়ে রাঢ়িকান্দি এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে ওঠে। তারা খুঁটির ওপর থাকা ট্রান্সফরমার খোলার চেষ্টা করছিল। এ সময় স্থানীয় লোকজনের নজরে পড়লে তারা খুঁটির নিচে জড়ো হতে শুরু করেন।

একপর্যায়ে তিনজনই খুঁটি থেকে নেমে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ইউসুফকে ধরে ফেলেন, তবে শামীম ও আফজাল পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয়রা ইউসুফকে একটি গাছের সাথে বেঁধে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মতলব উত্তর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী রাকিব হোসেন জানান, গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রতিটি ঘটনায় থানায় পৃথক মামলা করা হয়েছে।

আটক ইউসুফ উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় একটি মামলায় তাকে আসামি করা হয়েছে বলে জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।