পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে হোসেন সাদাতকে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির নির্দেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর পঞ্চম ধারা অনুসারে নিয়োগপ্রাপ্তির তারিখ থেকে চার বছর মেয়াদে হোসেন সাদাত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে শর্ত হিসেবে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছেড়ে দিতে হবে। উপসচিব ফারজানা জাহানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে নির্ধারিত হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বর্তমানে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতির দায়িত্বে রয়েছেন হোসেন সাদাত। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), করপোরেট সেক্রেটারিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন (সিএসআইএ) এবং আইসিএসবির বোর্ড বা কাউন্সিল সদস্য হিসেবে যুক্ত আছেন। টেলিকমিউনিকেশন, অয়েল অ্যান্ড গ্যাস ও অডিট অ্যান্ড অ্যাসুরেন্স খাতে প্রায় তিন দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই করপোরেট ব্যক্তিত্বের। গ্রামীণফোন, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি ও কেপিএমজি রহমান রহমান হকের মতো দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে বিভিন্ন জ্যেষ্ঠ পদে তিনি দায়িত্ব পালন করেছেন।

করপোরেট গভর্ন্যান্স, রেগুলেটরি স্ট্র্যাটেজি, সাসটেইনেবিলিটি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও করপোরেট কমিউনিকেশনে বিশেষ দক্ষতা রয়েছে হোসেন সাদাতের। তিনি একজন পেশাদার চার্টার্ড সেক্রেটারি। বিশ্বখ্যাত লন্ডন বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ এডুকেশন সম্পন্ন করেছেন তিনি। বিএসইসিতে তার যোগদানের ফলে পুঁজিবাজার নিয়ন্ত্রণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।