পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা দিন দিন বেড়েই চলেছে। এবার সেই ধারায় যুক্ত হলেন প্রখ্যাত আমেরিকান ফুটবল তারকা টেরেল ডেভিস। দুইবারের সুপার বোল বিজয়ী এই রানিং ব্যাক টিভা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে অংশীদারিত্ব করেছেন টারডিভ ডিস্কিনেসিয়া (টিডি) নামক এক স্নায়বিক রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে। এটি একটি নিউরোলজিক্যাল মুভমেন্ট ডিসঅর্ডার, যা মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা দেয়। টারডিভ ডিস্কিনেসিয়ায় আক্রান্ত রোগীদের অনৈচ্ছিক পেশি সংকোচন ও অঙ্গভঙ্গি দেখা যায়, যা দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। ডেভিসের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'দি আদার টিডি'। তিনি ফরচুন ম্যাগাজিনকে জানিয়েছেন, টিভার সঙ্গে তার এই অংশীদারিত্বের পেছনে ব্যক্তিগত অভিজ্ঞতা কাজ করেছে। ফুটবল ক্যারিয়ারের পর মানসিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি। নিজেকে 'শক্তিশালী মানুষ' ভাবলেও একসময় সাহায্য চাওয়াকে কঠিন মনে হতো বলে জানান ডেভিস। এক বন্ধুর পরামর্শে পেশাদার চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং ওষুধও গ্রহণ করেন। যদিও তার ব্যবহৃত ওষুধটি টিডির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, তবুও লরি নামে এক নারীর সঙ্গে দেখা হওয়ার পর এই রোগটিকে নিজের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন তিনি। প্রায় দুই বছর ধরে অনৈচ্ছিক নড়াচড়ায় ভোগার পর লরি অবশেষে টিডির সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা পান। ডেভিস বলেন, 'লরি হাল ছাড়েননি। তিনি টিডিকে তার জীবন দখল করতে দেননি।' তার মতে, এই ধরনের ব্যক্তিগত গল্পই আধুনিক ফার্মাসিউটিক্যাল সচেতনতা প্রচারণার কেন্দ্রবিন্দুতে থাকে। টিভা কোম্পানি অ্যাস্টেডো নামক ওষুধটি তৈরি করে, যা টারডিভ ডিস্কিনেসিয়ার জন্য অনুমোদিত প্রেসক্রিপশন চিকিৎসাগুলোর মধ্যে একটি এবং কোম্পানির আয়ের একটি বড় উৎস। প্রচারণাটির মাধ্যমে মানুষকে অনৈচ্ছিক নড়াচড়া দেখা দিলে নির্দিষ্ট ওয়েবসাইটে তথ্য নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া ক্রীড়াবিদদের অংশগ্রহণ ওষুধ প্রস্তুতকারকদের জন্য অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে, কারণ তারা কেবল ক্লিনিক্যাল তথ্যের চেয়ে বেশি বিশ্বাসযোগ্যতা আনেন। এর আগে ব্র্যান্ডন মার্শাল, জো বার্কসডেলের মতো এনএফএল খেলোয়াড় এবং সেরেনা উইলিয়ামসের মতো তারকারাও মানসিক স্বাস্থ্য সচেতনতায় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন। ডেভিসের লক্ষ্য সহজ: 'যদি আমি টিডিকে টারডিভ ডিস্কিনেসিয়ার প্রতিশব্দ করে তুলতে পারি, তবে সেটা দারুণ কিছু হবে।'