লালমাটিয়ার কলাকেন্দ্রে বুধবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে তরুণ স্থপতি নূরী ভূঁইয়ার একক প্রদর্শনী ‘ফর্ম থেকে ভাবনায়’। এই প্রদর্শনীতে তাঁর দুটি স্থাপত্যকর্মের বিস্তারিত নকশা, কিছু আলোকচিত্র এবং দুটি ভিডিও চিত্র প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর কাজ নিয়ে আলোচনা করেন স্থপতি সালাহউদ্দিন আহমেদ ও চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন। কলাকেন্দ্রের পরিচালক শিল্পী ওয়াকিলুর রহমান নূরী ভূঁইয়ার পরিচিতি তুলে ধরেন স্বাগত বক্তব্যে।

নূরী ভূঁইয়া যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রজন্মের বাঙালি। তিনি ২০২২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় স্থাপত্যবিদ্যায় স্নাতকোত্তরে অধ্যয়নরত। আর্ট, ফিল্ম অ্যান্ড ভিজ্যুয়াল স্টাডিজে মাইনর সম্পন্ন করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাশ্যুমের প্রতিষ্ঠান ‘মেরিনা তাবাশ্যুম আর্কিটেক্টস’ (এমটিএ)-তে ইন্টার্ন করার জন্য ঢাকায় এসেছেন।

প্রদর্শনীতে থাকা প্রথম নকশাটি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার একটি ত্রিকোণাকৃতির জায়গার ওপর নির্মিত পাঠাগারের। এতে জনপরিসর ও স্থাপনার আন্তঃসম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় নকশাটি ফিলাডেলফিয়া ইনস্টিটিউট অব কনটেমপোরারি আর্টের (আইসিএ) জন্য একটি নতুন জাদুঘর সম্প্রসারণের। এটি পশ্চিম ফিলাডেলফিয়া এলাকায় পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৃহত্তর জনসাধারণের জন্য সমকালীন শিল্পচর্চার নিবেদিত স্থান হিসেবে পরিকল্পিত। প্রতিষ্ঠানটির লক্ষ্য কেবল শিল্প উপস্থাপন নয়, বরং পার্শ্ববর্তী সম্প্রদায়ের সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তোলা। এই নকশায় নূরী ভূঁইয়া মেরিনা তাবাশ্যুমের ২০১৬ সালে আগাখান পুরস্কারপ্রাপ্ত স্থাপনা—উত্তরার দক্ষিণখানের বাইতুর রউফ মসজিদের নকশার কিছু আঙ্গিক প্রয়োগ করেছেন।

এছাড়া প্রদর্শনীতে রয়েছে নূরী ভূঁইয়ার নানিকে নিয়ে একটি পারিবারিক ভিডিও চিত্র এবং বাইতুর রউফ মসজিদ নিয়ে একটি স্থাপত্যবিষয়ক ভিডিও চিত্র। স্থাপত্যবিষয়ক বেশ কিছু আলোকচিত্রও স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।