সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের নিচতলায় এক দুর্ঘটনা ঘটে। কচুয়া এজলাসের সামনের করিডরে বিচারকাজ চলাকালে হঠাৎ ছাদের একটি বড় অংশের পলেস্তারা খসে পড়ে। এতে পাঁচজন বিচারপ্রার্থী আহত হন। করিডরে তখন অনেক লোক অপেক্ষা করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আহত ব্যক্তিরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তাদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শেখ আদনান হোসেন জানান, সবার আঘাত গুরুতর নয়। কারও মাথায়, কারও ঘাড়ে এবং হাতে-পায়ে চোট লেগেছে।
ঘটনার খবর পেয়ে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। পলেস্তারা খসে পড়ার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাবলিক প্রসিকিউটর এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, আদালতের তিনতলা ভবনটি অত্যন্ত পুরোনো। নিচতলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদালত থাকায় ওই করিডরটি সর্বদা ব্যস্ত থাকে। তিনি ভবনটির দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
আদালতের এক আইনজীবীর সহকারী অশোক মণ্ডল বলেন, ভবনের ওই অংশে চলাফেরা এখন সবার জন্য ঝুঁকিপূর্ণ। যেখান থেকে পলেস্তারা খসেছে তার পাশেও ছাদের বড় জায়গা জুড়ে ফাটল রয়েছে। উপরের তলায়ও নিয়মিত বিচারকাজ চলে। প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী, আইনজীবী ও কর্মচারী এই করিডর ব্যবহার করেন। এর আগে ভবনের পিলারগুলোতে বড় ফাটল দেখা দিলেও কয়েক বছর আগে সেগুলো সংস্কার করা হয়েছিল।


