বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর জামিননামা আদালতে দাখিল করা হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্ত পূরণের ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই। সোমবার (২৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালত শুনানি শেষে জামিননামা দাখিলের অনুমতি প্রদান করেন।

কলিমউল্লাহর আইনজীবী মহসিন রেজা জানান, গত ১৪ জুন উচ্চ আদালত তাঁকে এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। সেই আদেশ অনুযায়ী জামিননামা দাখিল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে আইনগত বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। ওইদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামির হাজিরার দিন ধার্য থাকায় কলিমউল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

গত বছর ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কলিমউল্লাহকে গ্রেপ্তার করে। ওই দিনই তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। উল্লেখ্য, গত বছরের ১৮ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এম এম হাবিবুর রহমান। মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন। মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ছাড়াই ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদন করা হয়।

ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানত এফডিআর হিসেবে ব্যাংকে জমা রেখে সেই এফডিআরের বিপরীতে ঋণ প্রদানে অনাপত্তিপত্র দিয়ে গ্যারান্টার হওয়ার মাধ্যমে সরকারের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এছাড়া চুক্তিতে অগ্রিম অর্থ প্রদানের বিধান না থাকলেও ঠিকাদারকে অগ্রিম বিল প্রদান, সেই বিল সমন্বয়ের আগেই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা, প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের নকশা অনুসরণ না করে বিধিবহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ এবং অস্বাভাবিক দর বা ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও সরকারি ক্রয়বিধি (পিপিআর-২০০৮) অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।