মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বুধবার ইসরায়েলের জন্য সামরিক সহায়তা বন্ধের একটি প্রস্তাব বিপুল ভোটে খারিজ হয়েছে। ৩১৪-১০৪ ভোটের ব্যবধানে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। তবে এই ভোটে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে একটি উল্লেখযোগ্য বিভক্তি প্রকাশ পেয়েছে। মোট ১০৩ জন ডেমোক্র্যাট সদস্য এবং একজন রিপাবলিকান এ প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর মাধ্যমে গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে মার্কিন প্রগতিশীলদের অবস্থান আরও সুস্পষ্ট হলো। সাধারণত ইসরায়েলের পক্ষে কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষই প্রায় একমত হয়ে ভোট দেয়, কিন্তু এবার সেই ধারায় ব্যতিক্রম দেখা গেছে।
কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যয়সংক্রান্ত বিলের একটি সংশোধনী হিসেবে এই প্রস্তাব উত্থাপন করেন। মূলত সব ধরনের বৈদেশিক সহায়তার বিরোধী ম্যাসি তাঁর প্রস্তাবের পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেন, গাজায় বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়টি বিবেচনা করেই তিনি এ সংশোধনী এনেছেন। প্রতিনিধি পরিষদে তিনি বলেন, গাজায় ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত নয় এই গণহত্যার অংশ হওয়া। প্রস্তাবটির লক্ষ্য ছিল বরাদ্দকৃত বিলের কোনো অর্থ যাতে ইসরায়েলের জন্য ব্যবহার করা না যায় তা নিশ্চিত করা এবং ওয়াশিংটনের বার্ষিক ৩৩০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা বন্ধ করা।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক প্রচারে বামপন্থী ডেমোক্র্যাটরা ইসরায়েলে মার্কিন সহায়তা পুরোপুরি বন্ধের দাবি তুলছেন। অন্যদিকে উদারপন্থী ডেমোক্র্যাটরা শুধু প্রতিরক্ষামূলক অস্ত্রের জন্য অর্থ পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছেন। ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলার পর ইসরায়েলের ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজার প্রায় ২০ লাখ মানুষের প্রায় সবাই কয়েক দফায় বাস্তুচ্যুত হয়েছেন এবং বর্তমানে তাঁবু বা ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছেন। এই ভোটের মাধ্যমে গাজায় ইসরায়েলি নৃশংসতার জেরে মার্কিন প্রগতিশীল রাজনীতিকদের সঙ্গে ইসরায়েলের দূরত্ব আরও বাড়ল বলে বিশ্লেষকরা মনে করছেন।



