প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সচিবদের নামে জাল সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে দীর্ঘদিন ধরে তদবির করে আসা একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার ও সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আজ বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের মূল হোতা ফারুক হোসেন (৪৫), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৫), মীর তৌহিদুল ইসলাম (৩৬) ও মো. বকুল মন্ডল (৩৫)। ফারুক হোসেন ২০০৬ সালে তৎকালীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্পে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। ২০১৪ সালে তিনি চাকরিচ্যুত হন। চাকরি ফিরে পেতে জালিয়াতির পথ বেছে নেন তিনি। প্রধানমন্ত্রীর ‘অগ্রাধিকার’ সিল নকল করে দ্রুত নিষ্পত্তির চেষ্টা চালান। পরে তিনি একটি পূর্ণাঙ্গ চক্র গড়ে তোলেন, যা দীর্ঘকাল ধরে নকল সিল ও স্বাক্ষর ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করে আসছিল।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ধারাবাহিক অভিযানে মাদারীপুরের কালকিনি থেকে ফারুক হোসেন ও সাকিব খানকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মীর তৌহিদুল ইসলামকে আটক করা হয়। এছাড়া কালকিনি থানা পুলিশের আগেই গ্রেপ্তার করা মাসুম মুনসীকেও এই ঘটনায় হেফাজতে নেয় ডিবি। একই সময়ে কুষ্টিয়া মডেল থানা এলাকা থেকে চক্রের আরেক সদস্য বকুল মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
শফিকুল ইসলাম বলেন, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবদের অফিসিয়াল লেটারহেড প্যাডের চার বান্ডিল, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের সিল ও স্বাক্ষর–সংবলিত ৪১টি সিল জব্দ করা হয়েছে। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার ও একটি ল্যাপটপও জব্দ করা হয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, লিখিত নথি জালিয়াতির পাশাপাশি চক্রটি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছিল। ওই অ্যাকাউন্টের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে চাকরি পুনর্বহালের জন্য চাপ সৃষ্টি করা হতো। একই কৌশলে জনশক্তি রপ্তানিসংক্রান্ত একটি জাল সুপারিশপত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছিল বলে জানান ডিবির এই কর্মকর্তা।



