মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে তাদের দলের পরাজয় নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবারের ওই ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় মিসর। সংগঠনটি ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহারে ব্যর্থতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের ভাষ্য, ‘আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচটিতে যে ধরনের রেফারিং দেখা গেছে এবং ভিএআর ব্যবস্থার যথাযথ ব্যবহারের ব্যর্থতা নিয়ে আমরা নীরব থাকতে পারি না।’ এই বিতর্কের মধ্যই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নতুন বাসসেবা কর্মসূচি ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ উদ্বোধনের সময় মিসরের পরাজয় প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘নতুন বাসসেবা ব্যবহার করলে ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। এক বছরে সেটি দাঁড়াবে দুই দিনের বেশি। আর সেই বাঁচানো সময়ের মানে হলো, আপনি আপনার পরিবারের সঙ্গে সকালের নাশতা খেতে পারবেন, সন্তানের লিটল লিগের খেলায় বিতর্কে অংশ নিতে পারবেন এবং তাদের ঘুমানোর আগে বাড়ি ফিরতে পারবেন। এর মানে আরও হলো, আপনার বন্ধুদের সঙ্গে একমত হওয়া যে গতকাল মিসর আসলেই ডাকাতির শিকার হয়েছে।’ ম্যাচে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় মিসরের মোস্তফা জিকোর গোল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে। বল জালে জড়ানোর ২০ সেকেন্ড আগে ফাউল হয়েছে দেখিয়ে ভিএআরের সহায়তায় রেফারি ওই গোল বাতিল করেন। অন্যদিকে, মাঠের খেলায় ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা মিসরকে পরবর্তী ১৪ মিনিটে আর্জেন্টিনা তিন গোল দিয়ে হারিয়ে দেয়। ইএফএর পাশাপাশি মিসরের এক তারকা ফুটবলারও ‘দ্য অ্যাথলেটিক’কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে ‘কারচুপি’র অভিযোগ তোলেন। তিনি প্রশ্ন রাখেন, কেন একটি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হলো, কেন আরেকটি পেনাল্টির ঘটনা ভিএআরে খতিয়ে দেখা হলো না এবং কেনই-বা মিসরের গোল বাতিল করা হলো। রেফারির সিদ্ধান্ত ও ভিএআর ব্যবহারের ধারাবাহিকতা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে ফিফার পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে ক্রীড়া মহল।