মো. আরিফ সরদার নামের ২২ বছর বয়সী এক রাজমিস্ত্রির মরদেহ বুধবার উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়ার ৬ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে খবর পেয়ে খিলগাঁও থানার একটি দল উত্তর নন্দীপাড়ার ৬ নম্বর সড়কের নূর টাওয়ারের পাসের ওই ভবনে যায়। ১০ তলা নির্মাণাধীন ভবনটির ছাদের উপরে অবস্থিত নামাজের জন্য নির্ধারিত কক্ষের ভেতর সিলিং ফ্যানের হুক থেকে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরিফ সরদারের দেহ দেখতে পায় তারা। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মৃত্যুর কোনও নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেছেন।
জানা গেছে, নিহত আরিফ সরদার জামালপুর জেলার ইসলামপুর থানার পোড়ারচর সরদারপাড়া গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম আলম সরদার। রাজনীতে তিনি পেশায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন এবং সম্প্রতি রাজধানীর সবুজবাগ এলাকার মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।




