পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অননুমোদিত একটি লিগে অংশ নেওয়ায় দেশটির বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে কঠোর শাস্তির মুখে ফেলতে পারে। জাম্বিয়ায় অনুষ্ঠিত ‘এশিয়ান লেজেন্ডস লিগে’ অংশ নেওয়ার জন্য এক ডজনের বেশি সাবেক পাকিস্তানি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। গত সপ্তাহে জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ) এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়ে দেয় যে এই লিগ তাদের দ্বারা কোনোভাবেই অনুমোদিত বা স্বীকৃত নয়। এর পরিপ্রেক্ষিতে পিসিবি বিষয়টি ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ দেখছে এবং নিয়ম লঙ্ঘনের কারণে বাধ্য হয়েই কঠোর পদক্ষেপ নিচ্ছে।
পিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পিসিবির প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে অননুমোদিত কোনো ইভেন্টে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই শাস্তির মধ্যে রয়েছে—অনুমোদিত বিদেশি ক্রিকেট লিগে অংশ নিতে পিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার ক্ষেত্রে দুই বছরের নিষেধাজ্ঞা, পাশাপাশি পিসিবি ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যেকোনো ধরনের ক্রিকেট, কোচিং, পরামর্শক, মেন্টরিং বা অন্য কোনো দায়িত্বে দুই বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হবে।
ক্রিকেটবিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পিসিবি মনে করছে যে নিয়ম লঙ্ঘনের ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে। ৩০ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে একটি হলো ‘পাকিস্তান প্যানথার্স’। এই দলটি পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে গঠিত এবং তারা এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। ক্রিকইনফো আরও জানিয়েছে, মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও উমর আকমল এই লিগে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং লুসাকায় পৌঁছেছিলেন। তবে আইসিসির কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যায়নি জানতে পেরে তারা না খেলার সিদ্ধান্ত নেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
টুর্নামেন্টের অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়নস, বাংলাদেশ টাইগার্স, আফগানিস্তান পাঠানস ও এশিয়ান স্টারস। এসব দলে নয়টি ভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নিলেও শুধুমাত্র পিসিবিই তাদের খেলোয়াড়দের অংশগ্রহণকে নিয়ম লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে বিবৃতি দিয়ে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। পিসিবি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, ‘আইসিসির নিয়মকানুন অক্ষুণ্ন রাখা এবং ক্রিকেটের সততা ও সঠিক পরিচালনা নিশ্চিতে পিসিবি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। বোর্ড আবারও স্পষ্ট করে জানাচ্ছে যে পিসিবির অনুমতি সাপেক্ষ বিদেশি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক সব বর্তমান ও সাবেক ক্রিকেটারকে খেলার আগেই প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।’
লিগের অফিসিয়াল ওয়েবসাইটে ‘পাকিস্তান প্যানথার্স’ স্কোয়াডে যে সব খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত রয়েছে তারা হলেন—শারজিল খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ, নাভিদ-উল-হাসান, মোহাম্মদ ইরফান, জুলফিকার বাবর, রাহাত আলী, হাসান রাজা, ইয়াসির ভাট ও রানা নাঈম আনোয়ার। ক্রিকইনফো নিশ্চিত করেছে, তাঁদের মধ্যে সবাই না হলেও বেশ কয়েকজন এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোয় অংশ নিয়েছেন।

