চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকায় অবস্থিত অভিজাত হান্ডি রেস্তোরাঁয় ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) সকালে পরিচালিত এক অভিযানে দেখা যায়, রান্নার উপকরণের মধ্যে তেলাপোকা ছোটাছুটি করছে এবং রান্নাঘরে রাখা স্যুপের ভেতরেও তেলাপোকা পড়েছে।

এমন নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে হান্ডি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। এদিন কেবল হান্ডিই নয়, একই অভিযানে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং সিপি ফাইভ স্টার রেস্টুরেন্ট নামের আরও দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। জামান হোটেলকে ৫০ হাজার টাকা ও সিপি ফাইভ স্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ ৭০ হাজার টাকার জরিমানা আরোপ করা হয়।

অভিযুক্ত অন্যান্য রেস্তোরাঁগুলোতে পোড়া তেল বারবার ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদা প্রস্তুতের প্রমাণ পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি গণমাধ্যমকে জানান, হান্ডি রেস্টুরেন্টের অভিযানের সময় খাবার ও তা তৈরির উপকরণের মধ্যে তেলাপোকার উপস্থিতি সরাসরি চোখে পড়ে। এছাড়া সেখানকার সার্বিক পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

একই ধারায় পরিচালিত অভিযানে বাকি প্রতিষ্ঠানগুলোর বাসনকোসন ও রান্নাঘরের পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ভোক্তা অধিদারের কর্মকর্তারা। পোড়া তেল ব্যবহারের মতো অনিয়মও তাদের নজর আসে। নগরীর জনপ্রিয় এসব রেস্তোরাঁয় ভোক্তা অধিকারের এই হানা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে।