রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। মোনালিসা ইসলাম যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী তরিকুল ইসলাম। তিনি জানান, এর আগে ৭ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। আজ তাঁকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়।
মোনালিসা ইসলামের আইনজীবী জানান, মেহেরপুরে দায়ের করা আটটি মামলা এবং ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারই কারামুক্ত হওয়ার সুযোগ তৈরি হলে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁর মুক্তি ঠেকানো হয়েছে। আজও সেই ধারাবাহিকতায় তাঁকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো, ফলে তাঁর মুক্তি আটকে গেল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল পাঁচটার দিকে আন্দোলন চলাকালীন নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হন। ঘটনার পর তাঁর শ্যালক আবদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।




