রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যু রহস্য ঘনীভূত হয়েছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে নিজ বাসভবনের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পান। ওই সময়ে রিধির মা ও পরিবারের অন্য সদস্যরা থানায় উপস্থিত ছিলেন। তাঁদের দেওয়া তথ্যমতে, রিধির সঙ্গে একজন যুবকের প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই যুবকের সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই তিনি আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ এবং ‘সুন্দরী’। দুই বছরের সম্পর্কে তিনি ভয়ংকর নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও জানা যায়। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, এ ঘটনার কারণে প্রতিদিনই কাঁদতেন এই তরুণী।




