মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহেদুল ইসলাম ওরফে সিমনই ওই শিক্ষার্থী, যাঁর বাড়ি চট্টগ্রামে।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দিলেও প্রথমে শয্যা সংকটের কারণে জটিলতা তৈরি হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই তাঁর জন্য আইসিইউ শয্যার ব্যবস্থা করে।

শারীরিক অবস্থা ক্রমশ সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ বিবেচনায় তাঁরা এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। চিকিৎসকদের সেই পরামর্শ মেনেই জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল সংলগ্ন মাঠ থেকে তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়।

এ প্রসঙ্গে আইবিএর পরিচালক অধ্যাপক মো. শরিফুল ইসলাম জানান, শারীরিক অবস্থা বিবেচনায় এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া স্থানান্তরে সম্মতি দেননি চিকিৎসকরা। পরে পরিবার ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের সিদ্ধান্তেই এই ব্যবস্থা নেওয়া হয়। ঢাকার হাসপাতালে আইসিইউ শয্যা প্রাপ্তিতে উপাচার্য সরাসরি সহযোগিতা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাত্রার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, শিক্ষার্থীকে ঢাকায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি বলেও মনে করছেন তিনি।