মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদে শীর্ষ পদগুলোতে নতুন নেতৃত্ব এসেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৯৮তম পর্ষদ সভায় এই পরিবর্তনগুলো আসে। এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সালাউউদ্দিন আলমগীর, আর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। একই সভায় মোস্তফা কামাল নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং এ. মান্নান খান ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হন। নির্বাচিত এই সদস্যদের সবাইকেই পর্ষদের অন্যান্য সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।
উক্ত সভায় উপস্থিতদের মধ্যে আরও ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ূন কবীর, নিমাই কুমার সাহা, তানজিমা বিনতে মোস্তফা, সুলতানা জাহান, তানভীর আহমেদ মোস্তফা ও মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুরুল আহসান বুলবুল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আজম উপস্থিত ছিলেন।




