দক্ষিণ কোরীয় তারকা আইইউর জীবনে নেমে এসেছে অশান্তির কাল। একাধিক বিতর্কে জড়িয়ে পড়ার পর চার বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে অভিনেতা লি জং-সকের সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটেছে। এদিকে, এমবিসি চ্যানেলে প্রচারিত কে ড্রামা ‘পারফেক্ট ক্রাউন’ নিয়ে ইতিপূর্বেই বিতর্ক শুরু হয়। মে মাসে শেষ হওয়া এই নাটকটির শেষ পর্বের আগেই ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগ তোলেন দর্শক ও সমালোচকরা। তাদের মতে, নাটকের একটি দৃশ্যে ব্যবহৃত ‘চনসে’ শব্দটি ইতিহাসে কেবল অধীন রাষ্ট্রের পক্ষ থেকে সম্রাটকে সম্বোধনের জন্য ব্যবহৃত হতো। এছাড়াও সহঅভিনেতা বিয়ন উ-সকের মাথার অলংকারের ঐতিহাসিক নির্ভুলতা নিয়েও প্রশ্ন ওঠে। বিতর্ক চরমে পৌঁছালে মুখ খোলেন আইইউ। তিনি এক বিবৃতিতে বলেন, ‘প্রধান অভিনেত্রী হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতায় আমি গভীরভাবে দুঃখিত। চরিত্রটি নিয়ে গভীর চিন্তা না করেই কাজটি গ্রহণ করেছি, এ জন্য অনুতপ্ত।’ তিনি আরও বলেন, ‘আমার কোনো অজুহাত নেই।’ পরে নাটকের সহশিল্পী বিয়ন উ-সক, চিত্রনাট্যকার ইউ জি-ওন এবং পরিচালক পার্ক জুন-হাওও আলাদা বিবৃতিতে ক্ষমা চান। গত মাসে একটি রাজনৈতিক ইস্যুতেও আইইউ অনলাইনে তীব্র আক্রমণের মুখে পড়েন। এরই মধ্যে প্রেম ভাঙার খবর সামনে আসায় তার ব্যক্তিগত জীবন নতুন করে আলোচিত হয়েছে। খবরটি এক্সপোর্টনিউজের একটি প্রতিবেদন থেকে নেওয়া।