যুক্তরাষ্ট্রের করপোরেট জগতে একটি নতুন প্রবণতা দেখা দিয়েছে, যেখানে মেধাভিত্তিক বেতন বৃদ্ধির পরিবর্তে ‘পিনাট বাটার রেইজ’ নামের একটি সমতাভিত্তিক নীতি জনপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি পেস্কেলের এক প্রতিবেদনে বলা হয়, ৩৬ শতাংশ মার্কিন কোম্পানি এই বছর তাদের সকল কর্মীকে কর্মদক্ষতা নির্বিশেষে একই হারে বেতন বাড়িয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে প্রতিষ্ঠানগুলো এই পন্থা অবলম্বন করছে, যা বিশেষ করে সরকারি ও শিক্ষা খাতের মতো বিশাল কর্মীবাহিনী ও ঘণ্টাভিত্তিক বেতন কাঠামো অনুসরণ করা সংস্থাগুলোতে বেশি দেখা যাচ্ছে।

কিন্তু এই দুর্বল বেতন বৃদ্ধি কেবল পরিশ্রমী কর্মীদের মনোবলেই আঘাত করছে না, বরং বাস্তবিক ফলাফল হিসেবে দেখা দিচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় ২৫ শতাংশ কোম্পানি স্বীকার করেছে যে ২০২৬ সালে অপর্যাপ্ত বেতন বৃদ্ধির ফলেই তারা তাদের সেরা প্রতিভাদের হারাচ্ছে। পেস্কেলের প্রধান ক্ষতিপূরণ কৌশলবিদ রুথ থমাস ফরচুন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, “পিনাট বাটার পদ্ধতির বেতনকে অনেক সময় সবচেয়ে সুষম সমাধান হিসেবে উপস্থাপন করা হয়, কারণ সবাই একই পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু কর্মচারীরা সাধারণত সবার জন্য সমতা দেখে নয়, বরং নিজেদের ব্যক্তিগত অবদানের উপযুক্ত মূল্যায়ন হয়েছে কিনা তা বিচার করেন। উচ্চ পারফরমাররা জানতে চায় তাদের অতিরিক্ত প্রচেষ্টার মূল্য রয়েছে।”
থমাস আরও যোগ করে বলেন, “যখন বেতন বৃদ্ধিতে ব্যক্তির অবদানের প্রভেদ প্রতিফলিত হতে ব্যর্থ হয়, তখন সংসাগুলো এই বার্তা দেওয়ার ঝুঁকি নেয় যে পারফরম্যান্সের কোনো মূল্য নেই, আর এখান থেকেই প্রেরণা ক্ষয়ের শুরু হয়।” এদিকে, সামনের দিকে তাকালে দেখা যাচ্ছে ২০২৭ সালের জন্য নিয়োগকর্তারা তাদের শীর্ষ পারফরমারদের পুরস্কৃত করার পরিকল্পনা করছেন। প্রায় ৩২ শতাংশ কোম্পানি পরবর্তী বছরেও পিনাট বাটার রেইজ বিতরণের পরিকল্পনা করলেও, প্রতিবেদনে দেখা যায় যে মেরিট ভিত্তিক বৃদ্ধি ২০২৭ সালের মোট বেতন বাজেটের ৩.৫ শতাংশের মধ্যে ৩ শতাংশই দখল করবে, যা সবচেয়ে বড় অংশ।

যদিও অর্থনৈতিক অনিশ্চয়তা পারফরম্যান্সনির্ভর বেতনবৃদ্ধিকে ব্যাহত করতে পারে, আরও বেশি সংখ্যক কোম্পানি এখন তারকা কর্মীদের প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ দেওয়ার গুরুত্ব উপলব্ধি করছে। প্রধান ক্ষতিপূরণ নীতি নির্ধারক রুথ থোমাস এ প্রসঙ্গে বলেন, “সামগ্রিকভাবে হয়তো আরও বেশি আবেদনপত্র পাওয়া যাবে, কিন্তু সঠিক দক্ষতাসম্পন্ন জনবল আকর্ষণ করা এবং তাদের ধরে রাখা এখনও চ্যালেঞ্জিং। প্রতিযোগিতামূলক ও সঠিক তথ্যভিত্তিক বেতন এখনও সেই সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত যা একজন নিয়ম্পর্তা সেই কর্মীদের অবদানকে মূল্য দেওয়ার বার্তা দেয়।”

পিনাট বাটার রেইজের জনপ্রিয়তার পেছনে কিছু কারণ রয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও কমে যাওয়া বাজেটের বাস্তবতার মুখে, ফ্ল্যাট বা সমান হারবৃদ্ধি প্রতিষ্ঠানের প্রশাসনিক বোঝা কমায় এবং সবাইকে সমানভাবে পুরস্কৃত করে। উইলিস টাওয়ার ওয়াটসনের এক প্রতিবেদনে বলা হয়, এক-তৃতীয়াংশ ব্যবসা প্রতিষ্ঠান ২০২৫ সালের তুলনায় এই বছর তাদের বেতন বৃদ্ধির বাজেট কমানোর পরিকল্পনা করছে। আসন্ন মন্দার আশঙ্কা, হতাশাজনক আর্থিক পারফরম্যান্স এবং ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার প্রবণতা থেকেই সংকুচিত ভাতা হিসেবে ছোট আকারের ‘পিনাট বাটার’ ক্ষতিপূরণ দেওয়ার চল অব্যাহত আছে।