প্রযুক্তি খাতে আগ্রাসী বিনিয়োগের জন্য পরিচিত সফটব্যাংক গ্রুপ কর্পোরেশনের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) মুনাফা ১৮ শতাংশ কমে গেছে। উচ্চ ব্যয়ের চাপে বিনিয়োগ থেকে অর্জিত লাভ ঢাকা পড়ায় এই পতন হয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটি বৃহস্পতিবার জানায়, এই সময়ে তাদের নিট লাভ দাঁড়িয়েছে ৩৪৭.৩ বিলিয়ন ইয়েন (২.২ বিলিয়ন ডলার), যা আগের বছরের একই সময়ের ৪২১.৮ বিলিয়ন ইয়েনের তুলনায় কম।
অপরদিকে, প্রতিষ্ঠানটির প্রান্তিক ভিত্তিতে বিক্রি বেড়েছে প্রায় ১১ শতাংশ, যার পরিমাণ ২ ট্রিলিয়ন ইয়েন বা ১২.৭ বিলিয়ন ডলার। এক সংবাদ সম্মেলনে প্রধান আর্থিক কর্মকর্তা ইয়োশিমিৎসু গোটো জানান, ব্রিটিশ সেমিকন্ডাক্টর ও সফটওয়্যার নকশাকারী কোম্পানি আর্মের সাথে তাদের ব্যবসা ভালোই এগিয়ে চলেছে। টোকিওভিত্তিক এই জায়ান্ট ওপেনএআই-এ আরও ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং বর্তমান অর্থবছরে আরও লগ্নির পরিকল্পনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সফটব্যাংকের আয়-ব্যয়ের হিসাব বেশ ওঠানামা করে, কারণ এটি ভিশন ফান্ডের মাধ্যমে প্রারম্ভিক প্রযুক্তি কোম্পানির ওপর বড় রকমের ভরসা রেখে বহু খাতে অর্থলগ্নি করে। এই ধরনের বাজি কখনও বড় ধরনের সাফল্য বয়ে আনে, আবার এর সাথে থাকে উচ্চ মাত্রার ঝুঁকিও। সফটব্যাংক যেসব কোম্পানিতে বিনিয়োগ ঘটিয়েছে তাদের মধ্যে আছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স, মার্কিন চিপনির্মাতা ইন্টেল কর্পোরেশন, জাপানি মোবাইল পেমেন্ট ও ডিজিটাল ওয়ালেট সেবা পেপে, এবং টাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)।
১৯৮১ সালে প্রধান নির্বাহী মাসাইওশি সনের হাতে গোড়াপত্তন করা এই কোম্পানি ইন্টারনেট ও কম্পিউটার-সংশ্লিষ্ট ব্যবসায় বিনিয়োগের মধ্যে দিয়ে পথচলা শুরু করেছিল। এরপর এটি ভবিষ্যতবাদী নানাবিধ প্রকল্পকে নিজেদের অভিভাবকত্বে নিয়ে এসেছে। সম্প্রতি সন অন্যতম একটি বিষয়ে মনোযোগী হয়েছেন, সেটি হলো স্বয়ংক্রিয় চালনা। আরেকটি উদীয়মান খাত হলো এবিবি রোবটিকস, যার নজর অটোমেশন, রোবটিক আর্ম ও গতিশীলতার দিকে। তবে সফটব্যাংক গ্রুপ কোনো বার্ষিক পূর্বাভাস দেয় না। বৃহস্পতির টোকিওর শেয়ার লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৪% নিম্নমুখী হয়।




