ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে ‘বাংলা কিউআর’ সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়টির আর্থিক লেনদেনকে আরও সহজ ও দ্রুত করবে বলে আশা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ওই সভায় ডিজিটাল পেমেন্ট, বাংলা কিউআর এবং নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

অনুষ্ঠানটি আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাব। এতে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। তিনি বলেন, “প্রযুক্তি কীভাবে আমাদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে পারে—এই উদ্যোগটি তারই প্রমাণ। দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস চালুর যাত্রায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।”

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার তাঁর বক্তব্যে বলেন, “অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলা কিউআর একটি সাহসী পদক্ষেপ। তবে এমন অন্তর্ভুক্তিমূলক সমাজ নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে হবে।”

নতুন চালু হওয়া এই উদ্যোগের আওতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব ধরনের আর্থিক লেনদেন এখন বাংলা কিউআর ও অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা নগদ ব্যবহার না করেই সহজে লেনদেন করতে পারবেন।