শারীরিক সুস্থতা বজায় রাখতে বা নির্দিষ্ট ফিটনেস লক্ষ্যে পৌঁছাতে শুধু ক্যালরির হিসাব নয়, বরং কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি—এই তিনটি প্রধান পুষ্টি উপাদানের (ম্যাক্রোনিউট্রিয়েন্ট) সঠিক অনুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের প্রায় প্রতিটি কার্যক্রম পরিচালনায় এই উপাদানগুলোর প্রয়োজন হয়। সম্প্রতি স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে ম্যাক্রো গণনার প্রবণতা বেড়েছে, যা সহজ করে তোলে ম্যাক্রো ক্যালকুলেটর নামক একটি টুল।
এই ক্যালকুলেটরটি কীভাবে কাজ করে তা বোঝার জন্য কয়েকটি ধাপ রয়েছে। ব্যবহারকারীর বয়স, উচ্চতা, ওজন, শারীরিক সক্রিয়তার মাত্রা, শরীরের গঠন ও ফিটনেস লক্ষ্য—এই তথ্যগুলো প্রদান করতে হয়। এর ভিত্তিতে ক্যালকুলেটর দুটি গুরুত্বপূর্ণ মান নির্ণয় করে: প্রথমটি হলো বেসাল মেটাবলিক রেট (বিএমআর), অর্থাৎ বিশ্রাম অবস্থায় শরীরের স্বাভাবিক কাজকর্ম চালাতে প্রতিদিন কত ক্যালরি দরকার; দ্বিতীয়টি হলো টোটাল ডেইলি এনার্জি এক্সপেনডিচার (টিডিইই), যেখানে বিশ্রাম, হাঁটাচলা, ব্যায়ামসহ সারাদিনের সব কর্মকাণ্ডের জন্য মোট ক্যালরি ব্যয়ের হিসাব রাখা হয়।
এরপর এই মোট ক্যালরিকে নির্দিষ্ট লক্ষ্য (ওজন কমানো, বাড়ানো বা স্থিতিশীল রাখা) অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটে ভাগ করে দৈনিক ম্যাক্রোনিউট্রিয়েন্টের চাহিদা নির্ধারণ করা হয়। ম্যাক্রো ক্যালকুলেটর অ্যাপ ও ওয়েবসাইট—উভয় মাধ্যমেই ব্যবহার করা যায়। বাজারে একাধিক নির্ভরযোগ্য অ্যাপ রয়েছে যা স্মার্টফোনে রাখলে স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করে। তবে বিশেষজ্ঞদের মতে, ম্যাক্রো ক্যালকুলেটর কখনোই চিকিৎসক বা পুষ্টিবিদের বিকল্প নয়; বরং এটি তাদের পরামর্শের ভিত্তিতে খাবারের সঠিক হিসাব রাখার একটি সহজ উপায় হিসেবে কাজ করে। সূত্র: হেলথ লাইন।



