বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো দেশের মাটিতে আয়োজন করছে ‘কিউরেটর লেভেল ১ কোর্স’। ক্রিকেট মাঠ ও পিচ ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ ও আগামীকাল (১১-১২ আগস্ট) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চলছে কোর্সের প্রথম পর্ব।
এই পর্বে অংশ নিচ্ছেন কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লার মাঠের ৩০ জন কিউরেটর। প্রশিক্ষণ শেষে তাঁদের পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। পাস করা ব্যক্তিদের বিসিবির পক্ষ থেকে সনদপ্রদান করা হবে।
এরপর আগামী ২৩ ও ২৪ আগস্ট শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোর্সের ঢাকা পর্ব। সেখানে মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর ৪০ জন কিউরেটর অংশগ্রহণের সুযোগ পাবেন।
আইসিসি অ্যাক্রিডেটেড কিউরেটর এবং বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান টনি হেমিং এই কোর্স পরিচালনা করছেন। বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্যসচিব মাজহার উদ্দীন জানিয়েছেন, দেশে বর্তমানে মাত্র দুই-তিনজন লেভেল ওয়ান কোর্স সম্পন্ন করা কিউরেটর রয়েছেন। আরও উন্নত মানের কিউরেটর তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণত কিউরেটরদের লেভেল ওয়ান প্রশিক্ষণের জন্য দুবাই যেতে হতো, কিন্তু এবার বাংলাদেশেই সেই ব্যবস্থা করা হয়েছে। মাজহার উদ্দীনের ভাষ্য, মূল লক্ষ্য হলো নতুন কিউরেটর তৈরি ও তাঁদের দক্ষ করে গড়ে তোলা। দেশের বাইরেও যাতে কিউরেটর পাঠানো যায়, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, বিভিন্ন দেশ থেকে প্রায়ই কিউরেটর চাওয়া হয়, ফলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ সৃষ্টিই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।




