দুর্নীতি দমন কমিশনের প্রশাসনিক প্রধান হিসেবে নতুন মুখ পেতে যাচ্ছে সংস্থাটি। মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে দুদকের সচিবের দায়িত্বে ছিলেন মোহাম্মদ খালেদ রহীম। একই দিনে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান। তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।