মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) এক্স-মেনের আগমনের প্রস্তুতি ঘিরে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওজ তাদের 'এক্স-মেন' চলচ্চিত্রের জন্য এমা ফ্রস্ট নামক গুরুত্বপূর্ণ চরিত্রে একজন অভিনেত্রীকে চূড়ান্ত করেছে। সুত্রের বরাত দিয়ে জানা গেছে, এই চরিত্রটি দর্শকদের সামনে আসতে পারে 'অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স' পর্বের আশপাশে বা তার পরবর্তী সময়ে।
এক্স-মেন দলের অন্যতম সদস্য এমা ফ্রস্ট একজন শক্তিশালী টেলিপ্যাথ, যার চরিত্রটি মূল কমিকসে প্রথমে প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হলেও পরে দলের অপরিহার্য অংশ হয়ে ওঠে। মার্ভেল স্টুডিও এক্স-মেন ফ্র্যাঞ্চাইজি এমসিইউতে কীভাবে বুনবে, তা নিয়ে ভক্তদের আগ্রহ বহুদিনের। এই নির্বাচনের খবর সেই আলোচনায় নতুন গতি এনে দিয়েছে।
একই প্রতিবেদনে মিস্টিকের চরিত্র নিয়ে একটি হালনাগাদ তথ্যও উঠে এসেছে। এক্স-মেন ইউনিভার্সের এই রূপবদলকারী মিউট্যান্টের ভবিষ্যৎ কীভাবে এমসিইউতে উপস্থাপিত হবে, সেই বিষয়ে সৃজনশীল পরিকল্পনা চলছে বলে জানা গেছে। অবশ্য এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ডিজনি কর্তৃপক্ষ কখনই আনুষ্ঠানিকভাবে এমা ফ্রস্টের অভিনেতা নির্বাচন বা মিস্টিক সংক্রান্ত নতুন পরিকল্পনার কোনো নিশ্চয়তা প্রদান করেনি। তবে হলিউডের নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্যগুলো প্রকাশিত হয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন 'অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স'-এর, কারণ এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে এমসিইউতে মিউট্যান্টদের প্রবেশ ঘটবে বলে ধারণা করা হচ্ছে।




