ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠার পর মাঠের বাইরের এক ঘটনায় নতুন করে বিতর্কের মুখে পড়েছেন নেইমার। গতকাল রেমোকে হারানোর পর ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এই ঘটনার জেরে বেলেম সিটি কাউন্সিলে নেইমারকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার প্রস্তাব উত্থাপিত হয়। তবে সেই প্রস্তাবটি ভোটাভুটির জন্য অনুমোদন পায়নি।

পিএসওএল দলের রাজনীতিক ও বেলেম সিটি কাউন্সিলের সদস্য মারিনর ব্রিতো এই প্রস্তাব দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, নেইমার পারা অঙ্গরাজ্যের খেলোয়াড়দের অসম্মান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিতো লেখেন, ‘একজন কোটিপতি বেলেমে এসে আমাদের পাড়ার খেলোয়াড়দের অসম্মান করেছেন। অথচ আমার প্রস্তাবটি ভোটেই তোলা হলো না। নেইমার পায়সান্দুর খেলোয়াড়দের মৌখিকভাবে আক্রমণ করেছেন। এটি শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, পুরো আমাজন অঞ্চলের প্রতি অসম্মান।’ ব্রিতোর দাবি, তাঁর প্রস্তাব ভোটে না তোলা গণতান্ত্রিক প্রক্রিয়া ও কাউন্সিলের অভ্যন্তরীণবিধির পরিপন্থী। তিনি জানান, বিষয়টি তিনি আর চাপা থাকতে দেবেন না এবং ভবিষ্যতেও এ নিয়ে উদ্যোগ নেওয়া চালিয়ে যাবেন।

বিতর্কের সূত্রপাত বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে রেমোর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন নেইমার। সাংবাদিক ব্রেনো রাইওলের ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রথমে গ্যালারি থেকে নেইমারকে উদ্দেশ্য করে গালাগাল করা হয়। এরপর মাঠ ছাড়ার সময় উদযাপন করতে করতে নেইমারও পাল্টা প্রতিক্রিয়া জানান। বারবার ‘এলিমিনেটেড’ (বিদায়) এবং ‘এটাই সান্তোস’ বলতে বলতে রেমোর কর্মকর্তাদের দিকে ইশারা করেন তিনি। এ সময় রেমোর কিছু সমর্থক প্রতিনিধি দুই দলের মাঝখানে থাকা নিরাপত্তাবেষ্টনী ফেলে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সান্তোসের কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার পর রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা নেইমারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘রেমো দারুণ একটি অভিযান উপহার দিয়েছে। কিন্তু সান্তোসের এমন কিছুর প্রয়োজন ছিল না। ওই বদমাশ নেইমার, যাকে অসংখ্য শিশু আদর্শ মানে, এখানে এসে ভাঁড়ামি করেছে, আবার উসকানিও দিয়েছে। এমন মানুষকে আদর্শ বানানো আমাদেরই ভুল।’ রেমোর সভাপতির এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সান্তোস। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, নেইমারকে উদ্দেশ্য করে রেমো সভাপতির অপমানজনক মন্তব্য এবং রেফারিংয়ে পক্ষপাতের ইঙ্গিত তারা তীব্রভাবে নিন্দা করছে। সান্তোসের বিবৃতিতে বলা হয়, ‘খেলাধুলা নিয়ে সমালোচনা স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও ভিত্তিহীন অভিযোগ সম্মান এবং নৈতিকতার সীমা অতিক্রম করে। আমরা সব সময় আমাদের খেলোয়াড়, ক্লাবের ইতিহাস এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করব। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের স্বচ্ছতা ও ভাবমূর্তিও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২৬ বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফেরার পর থেকেই নেইমারকে ঘিরে নানা আলোচনা চলছে। রেমোর বিপক্ষে এই ম্যাচের পর তাঁর আচরণ নতুন করে বিতর্কের জন্ম দিল।