বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৪২টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ১৩ থেকে ১৬ গ্রেডের পদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ দিন ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদের বেতন স্কেল গ্রেড-১৩ অনুযায়ী ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। উচ্চমান সহকারী পদে ৯ জন নিয়োগ পাবেন, যার বেতন গ্রেড-১৪ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এছাড়াও লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২০ জন এবং হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে ২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শেষ তিনটি পদের বেতন গ্রেড-১৬ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
প্রার্থীদের বয়স ২০২৬ সালের ১১ আগস্ট তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু হবে আগামী ১৬ আগস্ট সকাল ১০টায় এবং চলবে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি হিসেবে সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর নাগরিকদের ৫৬ টাকা জমা দিতে হবে। তবে যারা ২০২৫ সালের ২৪ জুলাই প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে হওয়ার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।




