প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ মোকাবিলার সুযোগ থাকবে। তবে তিনি সাকিবকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলেও আখ্যায়িত করেন। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সাকিব হয়তো ভালো খেলোয়াড় হিসেবে পরিচিত, কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত ছিলেন এবং এখনো সেই সম্পর্ক ছিন্ন করেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হন এবং এখনো অ্যালাইন থাকেন।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। তাকে দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তার নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হবে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও উল্লেখ করেন জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। এটা ভবিষ্যতেও হতে দেব না, কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র।’ তিনি জোর দিয়ে বলেন, যে ব্যক্তিই হোক না কেন—সাকিব হোক বা শেখ হাসিনা—সবচেয়ে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সাকিব আল হাসান রাজনৈতিক অবস্থান ও শেখ হাসিনার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনার মুখে রয়েছেন। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এবার সরকারের পক্ষ থেকে সরাসরি এমন মন্তব্যকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।




