দখলকৃত পশ্চিম তীরে তথ্য অনুসন্ধান সফরে গিয়ে সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ৯০ মিনিট আটক থাকার ঘটনা ঘটেছে ৪৯ বছর বয়সী মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। বুধবার (৮ জুলাই) তার দলের সঙ্গে একটি ভ্যানে যাওয়ার সময় M4 রাইফেলধারী বসতি স্থাপনকারীরা তাদের পথরোধ করে এবং ঘিরে ফেলে।

খান্না খিরবেত জানুতা নামক একটি গ্রামের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন, যা ইসরায়েলি দখলদারিত্বের প্রভাব মূল্যায়নের জন্য একটি তথ্য-অনুসন্ধান সফর। তিনি বলেন, 'ওই গ্রামটি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ধ্বংস করে দিয়েছে, স্কুলসহ পুরো গ্রামটি। আমরা শুধু তা দেখছিলাম।' হঠাৎ করেই কিছু দুষ্কৃতকারী আমেরিকান তৈরি মেশিনগান নিয়ে হাজির হয় এবং তাদের আটক করে। তারা রাস্তা বন্ধ করে দেয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) খবর দেয়।

ঘটনাস্থলে আইডিএফ পৌঁছালে তারা বসতি স্থাপনকারীদের পক্ষ নেয় এবং মার্কিন নাগরিকদের আটক অব্যাহত রাখে, বলে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেন খান্না। আইডিএফ অবশ্য বিবৃতিতে জানিয়েছে, সেখানে গিয়ে তারা ইসরায়েলি নাগরিকদের সরিয়ে দেয় এবং যানবাহনগুলোকে তাদের পথে চলতে দেয়। তবে খান্নার অভিযোগ, আইডিএফ আমেরিকানদের নয়, বরং বসতি স্থাপনকারীদের পক্ষে অবস্থান নেয়।

এদিকে, খান্নার একজন সহযোগী জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসে সাহায্যের আবেদন জানান। পুলিশের একটি দল ঘটনাস্থলে হস্তক্ষেপ করলে তাদের আটক থেকে মুক্তি দেওয়া হয়। দুই সন্তানের জনক খান্না ২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি ইসরায়েলি বসতি স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় সাত লাখ ইহুদি বসবাস করে। অপরদিকে, এই অঞ্চলে প্রায় ৩৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। আন্তর্জাতিক আইনে এই বসতি স্থাপনাকে অবৈধ হিসেবে গণ্য করা হয়।