এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় এক সাংবাদিক মন্তব্য করেন, আজকের সংবাদ সম্মেলনটি তেমন উৎসবমুখর হয়নি এবং শিক্ষামন্ত্রীর উত্তরগুলো অনেকটা কূটনৈতিক ছিল। এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "আপনি বলুন উৎসবমুখর... আমি তো বললাম মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না, এর চেয়ে কী বলতে পারি, বলেন।"

এবারের পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে বলে মনে করছেন না শিক্ষামন্ত্রী। তাঁর ভাষ্য, এবার সুন্দর ফল হয়েছে। ফলাফল নিয়ে আরেকটি প্রশ্নের উত্তরে তিনি জানান, শিক্ষার্থীরা যা নম্বর পেয়েছে তা যথাযথভাবে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এবার উত্তরপত্র পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগও রাখা হয়েছে।

আগে ফলাফল প্রত্যাশিত না হলে কেবল পুনর্নিরীক্ষণের ব্যবস্থা থাকত, যেখানে উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগে কোনো ভুল আছে কি না অথবা কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে গুরুতর ভুল হয়েছে কি না, তা যাচাই করা হতো। তবে নতুন করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কোনো সুযোগ ছিল না। এবার পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যেখানে ছাত্রীদের সংখ্যা এগিয়ে রয়েছে। ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।