আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে ডোপিংয়ের দায়ে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে। গত ৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শেষে নেওয়া ডোপ পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ পদার্থ ‘কার্বক্সি-টিএইচসি’ শনাক্ত হয়। আইসিসির মাদকবিরোধী বিধিমালায় এই পদার্থ নিষিদ্ধ হিসেবে তালিকাভুক্ত। নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় মাদক গ্রহণের কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩২ বছর বয়সী নেওয়াজ অভিযোগ স্বীকার করেছেন। তিনি প্রমাণ দিয়েছেন যে টুর্নামেন্ট চলাকালে ওই মাদক গ্রহণ করেননি। তাঁর দাবি, এটি কোনোভাবেই পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়নি। আইসিসির ডোপিংবিরোধী বিধিমালা অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য তিন মাসের নিষেধাজ্ঞা নির্ধারিত ছিল। তবে আইসিসি অনুমোদিত মাদক নিরাময় ও পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সেই শাস্তি কমিয়ে এক মাস করা হয়েছে।
গত ১ মে থেকে নেওয়াজ স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন এবং ওই দিন থেকেই শাস্তির মেয়াদ কার্যকর হয়। এরই মধ্যে তিনি আড়াই মাসের বেশি সময় মাঠের বাইরে কাটিয়েছেন। ফলে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ায় এখন তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে পুনর্বাসন কর্মসূচিটি তাঁকে সম্পন্ন করতে হবে। সেটি শেষ করতে পারলে এ ঘটনায় নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ডোপিংবিরোধী বিধিমালা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ১ মে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগপর্যন্ত নেওয়াজের সব ব্যক্তিগত পারফরম্যান্স—রান, উইকেট ও অন্যান্য পরিসংখ্যান—বাতিল ঘোষণা করা হয়েছে।

