জামালপুরে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার সকালে জামালপুর–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা। সকাল ৬টার দিকে শহরের বাইপাস এলাকায় এই কর্মসূচি শুরু হলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনমতো গ্যাস পাচ্ছেন না, ফলে গাড়ি চালাতে না পারায় আয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই সংকটে সংসার চালানো, সন্তানদের পড়াশোনার খরচ মেটানো এবং গাড়ির কিস্তি পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে বলে তারা জানান। জামালপুরে দীর্ঘদিন ধরে জাবেদ ফিলিং স্টেশন নামের একমাত্র গ্যাস পাম্পে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহ করা হতো। সেখানেও গ্যাস পেতে দীর্ঘ সময় লেগে যেত। এর মধ্যে গতকাল রাত থেকেই ফিলিং স্টেশনে কোনো গ্যাস সরবরাহ বন্ধ থাকে। রাত থেকে ভোর পর্যন্ত অপেক্ষার পরও চালকেরা গ্যাস পাননি। বিক্ষুব্ধ হয়ে সকালে তারা মহাসড়কে নেমে আসেন এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও নতুন একটি ফিলিং স্টেশন স্থাপনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। গ্যাস সংকটে ক্ষুব্ধ শহরের মুকুন্দবাড়ী এলাকার অটোরিকশাচালক আজগর আলী বলেন, পাম্পে গ্যাস না থাকলে আগে থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া উচিত। সারা রাত জেগে ভোরে গিয়ে জানতে পারছি গ্যাস নেই। একজনের গাড়িতে গ্যাস উঠছে, আরেকজনের উঠছে না — এভাবে চলতে পারে না। গ্যাসের কারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আরেক চালক জয়নাল আবেদীন জানান, গ্যাস না পেলে গাড়ি চালানোই সম্ভব হয় না। দ্রুত সমস্যার সমাধান না হলে তাদের পরিবার আরও বড় সংকটে পড়বে। অবরোধের কারণে জামালপুর–টাঙ্গাইল মহাসড়কে চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। টাঙ্গাইল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া যাত্রী শ্যামল বলেন, এ সমস্যার স্থায়ী সমাধান হওয়া জরুরি। তবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ানো হয়েছে। সকাল থেকেই বাসে বসে আছি। আন্দোলনের সময় সাধারণ যাত্রীদের কষ্টের কথাটিও ভাবা উচিত। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, গ্যাস সংকটের কারণেই অটোরিকশাচালকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
জামালপুরে সিএনজি সংকটে মহাসড়ক অবরোধ, পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
জামালপুরে সিএনজি সরবরাহ স্বাভাবিকের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন অটোরিকশাচালকেরা। প্রায় পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পরও গ্যাস না পাওয়ার অভিযোগে এ বিক্ষোভ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।




