গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিবাদ মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-বিরোধী একটি স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনার জন্ম দেয়। ভিডিওতে মিছিলকারীদের ‘ধর ধর শিবির ধর’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়।
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহরে হামলার প্রতিবাদে গত বুধবার সন্ধ্যায় এ মিছিলটি বের করা হয়। সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পুরোনো উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানেই এসে শেষ হয়। পরবর্তীতে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা আহ্বায়ক আল শাহাদৎ জামান, সদস্যসচিব আশানুর রহমান ও পৌর শাখার আহ্বায়ক আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার সকালে এনসিপির সুন্দরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম ঘটনার ব্যাখ্যা দিয়ে প্রথম আলোকে জানান, যিনি মিছিলের মধ্যে ‘শিবির ধর’ স্লোগানটি দিয়েছিলেন তিনি এনসিপির সদস্য নন। তিনি মন্তব্য করেন, মিছিলে উপস্থিত একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত স্লোগানদাতা থেমে যাওয়ার সুযোগে হ্যান্ড মাইক কেড়ে নিয়ে এই উসকানিমূলক স্লোগানটি দেন।
এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, 'উক্ত স্লোগান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা শাখার কোনো সাংগঠনিক সিদ্ধান্ত, নীতি বা অবস্থানকে প্রতিফলিত করে না।' বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে দায়িত্বরত নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির কাছ থেকে মাইক কেড়ে নিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। এই অনভিপ্রেত ঘটনার জন্য দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও সংশ্লিষ্ট সকলের নিকট ক্ষমা প্রার্থনা করা হয়েছে।




