ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা থেকে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে সৌদি আরব। বিষয়টির সঙ্গে জড়িত দুই কর্মকর্তা বুধবার জানিয়েছেন, জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। তবে জোটে কোন কোন দেশ অন্তর্ভুক্ত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে প্রায় ডজনখানেক দেশের সাথে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য সৌদি ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন’-এর কাছে যোগাযোগ করা হলেও তারা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি। গত ২০ জুলাই ইয়েমেনে সৌদি আরবের অবরোধের জবাবে লোহিত সাগরে নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয় হুতি গোষ্ঠী। কিন্তু ইয়েমেনে কোনো অবরোধের বিষয়টি অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ।
নৌ-অবরোধ ঘোষণার পর থেকে হুতিরা দাবি করছে, তারা লোহিত সাগরে সৌদি আরবের জাহাজগুলোতে হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি আরব ইয়েমেনের হুদাইদাহ বন্দরে হুতিদের সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে। সৌদি আরবের অভিযোগ, হুতিরা এই বন্দর ব্যবহার করে বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকি দিচ্ছিল।
হুতিদের নৌ-অবরোধ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে চলমান ইরান যুদ্ধে নতুন একটি ফ্রন্ট তৈরি করেছে। এই পরিস্থিতিতে পারস্য উপসাগরের বাইরের তেল ও অন্যান্য জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারগুলোতে হামলা আরও বেড়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে।




