যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং তাদের পরবর্তী প্রজন্মের জেট বিমান বাজারে আনতে কোনো ত্বরা করছে না। বরং কোম্পানিটি নিজের অর্থনৈতিক ভিত মজবুত করার ওপর জোর দিয়েছে। সম্প্রতি সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেলি অর্টবার্গ ইঙ্গিত দিয়েছেন যে, এখনই ৭৩৭ ম্যাক্সের উত্তরসূরি তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। তার মতে, বোয়িংয়ের অর্থসংস্থান পুনরুদ্ধারে আরও কয়েক বছর সময় লেগে যাবে। বর্তমানে প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো নিজের বিদ্যমান ব্যবসায়িক কার্যক্রম স্থিতিশীল করা এবং আর্থিক ঘাটতি পূরণ করা। অর্টবার্গ আরও জানান, এই প্রক্রিয়ায় তাড়াহুড়ো না করে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে আগামী কয়েক বছর বোয়িং থেকে নতুন কোনো মডেলের জেট বিমান বাজারে আসার সম্ভাবনা কম।