গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সোমবার সকালে মোটরসাইকেল চালানোর সময় হ্যান্ডেল ছেড়ে দেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর। নিহত শাওন মিয়া (৩২) বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে তিনি ফেসবুকে মোটরসাইকেল চালানোর বিভিন্ন কৌশলের ভিডিও তৈরি ও প্রকাশ করতেন। বিশেষ করে চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোই তার পোস্টে দেখা যেত। ঘটনার দিনও অন্য কেউ তার সেই দৃশ্য ধারণ করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভিডিও ধারণের একপর্যায়ে শাওন হ্যান্ডেল ছেড়ে দিলে কিছু দূর যাওয়ার পরই মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং শাওন ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসকের কাছে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এই ধরনের ঝুঁকিপূর্ণ কনটেন্ট তৈরির প্রবণতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন দিন বাড়ছে বলেও সংশ্লিষ্টদের পর্যবেক্ষণ। তবে এবার সেই প্রবণতাই এক তরুণের প্রাণ কেড়ে নিল।




