চীন তার শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটি প্রায় ১২ হাজার ২০০ স্নাতক ডিগ্রি প্রোগ্রাম বাতিল বা স্থগিত করেছে, যার মধ্যে মানবিক, বিদেশি ভাষা ও ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত ছিল। এর পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রায় ১০ হাজার ২০০ নতুন প্রোগ্রাম চালু করা হয়েছে। বেইজিং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক এআই শিক্ষা চালু করায় শিক্ষার্থীরা চ্যাটবট থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা বিষয়ে শিখছে। ওয়ালমার্টের প্রধান জনবল কর্মকর্তা ডোনা মরিস ফরচুনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, চীনে পাঁচ বছর বয়সীরা ডিপসিক ব্যবহার করতে শিখছে, যা দক্ষতা গঠনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তিনি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র যদি সেই সুযোগ কাজে লাগাতো তাহলে অর্থনীতি কতটা শক্তিশালী হতে পারত।

ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা সম্প্রতি কাউন্সিল অন ফরেন রিলেশনের এক অনুষ্ঠানে সতর্ক করেন, পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলো চীনের গবেষণা গতির কাছে পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তার ভাষ্যে, চীনে গবেষণার গতি তিনগুণ এবং ব্যয় অর্ধেক। নেচার ইনডেক্সের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, ২০২০ সালে গবেষণা সক্ষমতার শীর্ষ দশটি প্রতিষ্ঠানের তালিকায় মার্কিন ও ইউরোপীয় স্কুলগুলোর আধিপত্য থাকলেও বর্তমানে সেই তালিকার নয়টি স্থান চীনা প্রতিষ্ঠানের দখলে। বোরলার মতে, বর্তমান অগ্রগতি অব্যাহত থাকলে এই দশকের শেষ নাগাদ চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে।

অ্যান্ডুরিলের প্রতিষ্ঠাতা ও প্রতিরক্ষা প্রযুক্তি উদ্যোক্তা পামার লাকি হুভার ইনস্টিটিউশনের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সমালোচনা করেন। তিনি বলেন, আমেরিকান কোম্পানিগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে সঠিক দিকনির্দেশনা চাইলেও প্রকৃতপক্ষে ইঞ্জিনিয়ারদের আর প্রকৌশল শেখানো হচ্ছে না। লাকির মতে, চীনে এখন বিশ্বের সেরা ব্যাটারি ইঞ্জিনিয়ার, ধাতুবিদ ও আলোক প্রকৌশলী রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র তথাকথিত ‘আর্কিটেকচার অ্যাস্ট্রোনট’ তৈরি করছে—যারা কেবল নকশা তৈরি করে সেটি চীনের প্রকৃত ইঞ্জিনিয়ারদের কাছে উৎপাদনের জন্য পাঠিয়ে দেয়। ফরচুন ৫০০-এর চতুর্থ স্থানে থাকা অ্যাপলের উদাহরণ টেনে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এখন নিজের পণ্য তৈরির জটিল কাজ চীনা ইঞ্জিনিয়ারদের ওপর ছেড়ে দিয়েছে। ক্যালিফোর্নিয়ায় ডিজাইন হলেও অ্যাপলের সরবরাহ শৃঙ্খল চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

তবে উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি সুবিধা এখনও টিকে আছে বলে মনে করেন লাকি। তার মতে, চীনের শিক্ষাব্যবস্থা খুব বেশি উদ্ভাবক তৈরি করতে পারে না; বরং এটি প্রচুর দক্ষ কর্মী উৎপন্ন করে। নিজের উদাহরণ টেনে তিনি বলেন, তিনি যখন ১৯ বছর বয়সী কলেজ ড্রপআউট, ন্যূনতম মজুরির চাকরি এবং ১৯ ফুটের ক্যাম্পার ট্রেলারে বসবাস করছিলেন, তখন পিটার থিয়েল তাকে ওকুলাস শুরুর জন্য ১০ লাখ ডলার দিয়েছিলেন—যা চীনে সম্ভব নয়। লাকি ২১ বছর বয়সে ওকুলাস ২ বিলিয়ন ডলারে ফেসবুকের কাছে বিক্রি করেন এবং অ্যান্ডুরিল প্রতিষ্ঠা করেন, যার বর্তমান বাজারমূল্য ৬১ বিলিয়ন ডলার। তার মতে, এই ধরনের পথচলা চীনে ঘটছে না।

চীনের শিক্ষাব্যবস্থার এই মৌলিক পরিবর্তন ভবিষ্যতে প্রযুক্তি ও অর্থনীতির ভারসাম্য পরিবর্তন করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। উদ্ভাবনী উদ্যোক্তা ও অপ্রচলিত চিন্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রান্তিক সুবিধা থাকলেও চীনের দ্রুত অগ্রগতি পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।