পুলিশ বাহিনীর কনস্টেবল থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা পর্যন্ত সব স্তরের সদস্যদের পদোন্নতি ও পদায়ন নিয়ে যে জটিলতা রয়েছে, তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)। বুধবার সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অনুষ্ঠিত সংগঠনটির এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিপিএসএর সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণমুখী পুলিশিং নিশ্চিত করা, বাহিনীর অভ্যন্তরীণ সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান এবং সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বাড়ানোর বিষয়ে ব্যাপক আলোচনা হয়। একইসঙ্গে পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে — সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ছড়ানো ‘মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপতথ্য নিয়ে। এই বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে বিবেচনা ও আলোচনা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, সিটিএসবির ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমান, রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানসহ বিভিন্ন ব্যাচের বিপুল সংখ্যক কর্মকর্তা উপস্থিত ছিলেন।




