রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় উন্নত প্রকৌশল চর্চা, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং উচ্চমূল্য সংযোজিত সেবা খাতের প্রসারে একটি নতুন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ‘ড্যাফোডিল সিএই সেন্টার, বাংলাদেশ’ নামের এই প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন গত মঙ্গলবার একই সঙ্গে সম্পন্ন হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), প্রয়াস প্রযুক্তি ফাউন্ডেশন এবং ছয়টি প্রযুক্তিপ্রতিষ্ঠানের যৌথ প্রয়াসে এই কেন্দ্রটি গড়ে উঠেছে। প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির আনুষ্ঠানিক সূচনা করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং ডিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের গামা টেকনোলজিস ইনকরপোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা ও জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সাঈদ ওয়াহিদুজ্জামান উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সম্মানিত করেন।
উদ্বোধনী বক্তৃতায় সবুর খান ভবিষ্যতের রূপরেখা তুলে ধরে বলেন, বাংলাদেশের আগামীর অগ্রগতি নির্ভর করছে জ্ঞান, উদ্ভাবন এবং উন্নত প্রকৌশলবিদ্যার ওপর। তার ভাষ্য অনুযায়ী, ড্যাফোডিল সিএই সেন্টারের মাধ্যমে এমন একটি পরিমণ্ডল রচনা করা হচ্ছে যেখানে শিক্ষা, গবেষণা ও শিল্পখাত একই সুতোয় গাঁথা হয়ে কাজ করবে। এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদেরই দক্ষ করে তুলবে না, পাশাপাশি দেশের শিল্পায়ন, উদ্ভাবন এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতির বিকাশেও অত্যন্ত জরুরি ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাঈদ ওয়াহিদুজ্জামান প্রতিষ্ঠানটিকে নিছক একটি ল্যাব হিসেবে নয়, বরং একটি বৈশ্বিক জ্ঞান বিনিময়, প্রযুক্তি স্থানান্তর ও প্রকৌশল উদ্ভাবনের প্ল্যাটফর্ম হিসেবে অখ্যায়িত করেন। তিনি জানান, তাদের লক্ষ্য হলো আন্তর্জাতিকমানের প্রযুক্তি ও শিল্পের বাস্তব অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষার্থী এবং প্রকৌশলীদের নিকট পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের মধ্যে বেসিসের প্রাক্তন সভাপতি ও ডেটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনকরপোরেটেড লিমিটেডের চেয়ারম্যান মাহবুব জামান, বেসিসের প্রাক্তন মহাসচিব ইঞ্জিনিয়ার ফোরকান বিন কাশেম এবং ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী নূরুজ্জামান অন্তর্ভুক্ত ছিলেন। এতদ্ব্যতীত, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রকৌশলী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।


