চার বছর আগে যেদিন ভালোবাসার শুরু, সেই একই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন ও নির্মাতা শরণ শর্মা। গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। নিজেদের বাসভবনের বাগানে সূর্যাস্তের সময় বসে বিয়ের আসর। এরপর নিয়ম মেনে তাঁরা বিয়ের দলিলেও স্বাক্ষর করেন। বিয়ের পোশাকে আকাঙ্ক্ষাকে দেখা গেছে লাল ও সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাকে। আর শরণ শর্মা সাদা ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিলেন। প্রকাশিত আলোকচিত্রে দেখা যায়, বিয়ের শপথ নেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আকাঙ্ক্ষা।
ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে তিনি লেখেন, 'তোমার উপস্থিতিতেই আমার ঘর সার্থক, তুমি পাশে থাকলে কোনো ভয় নেই।' এরই মাঝে মন্তব্যের ঘর ভরে গেছে শুভেচ্ছায়। আলিয়া ভাট সূর্যের ইমোজি দিয়ে শুভকামনা জানান। কোরিওগ্রাফার পনি প্রকাশ লেখেন, 'অভিনন্দন, তোমাদের জন্য অনেক ভালোবাসা।' ওয়ামিকা গাব্বিও শুভেচ্ছা জানান। অনন্যা পান্ডে লেখেন, 'অপূর্ব! তোমাদের দুইজনকে অনেক ভালোবাসা।' এছাড়াও মালাইকা অরোরা, আথিয়া শেঠি, অংশুলা কাপুর প্রমুখ নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
বিয়ের আগের দিন আয়োজিত হয়েছিল সংগীত সন্ধ্যা। সেখানে বলিউডের পরিচিত মুখ জড়ো হয়েছিলেন। উপস্থিত ছিলেন আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, করণ জোহররা। জাহ্নবী নেচেছেন 'কাভি খুশি কাভি গম' ছবির 'শাভা শাভা' গানে। করণ জোহর পরিবেশন করেন 'জিনে কে হ্যায় চার দিন' গানের বিখ্যাত স্টেপ। আলিয়া ভাট বোন অনুষ্কা রঞ্জন কাপুর ও তাঁর স্বামী আদিত্য সিলের সঙ্গে নেচেছেন 'কাল হো না হো' ছবির 'মাহি ভে' গানে।
খবরে বলা হচ্ছে, ১২ জুলাই নবদম্পতি একটি সংবর্ধনার আয়োজন করবেন। সেখানে বলিউডের আরও তারকারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
কাজের খাতায় আকাঙ্ক্ষাকে সম্প্রতি নেটফ্লিক্সের 'ইক্কা' ছবিতে দেখা গিয়েছে। সেখানে তাঁর সহশিল্পী অক্ষয় খান্না, সানি দেওল, দিয়া মির্জা ও তিলোত্তমা সোম। এছাড়া প্রাইম ভিডিওর সিরিজ 'গ্রাম চিকিৎসালয়'-এর দ্বিতীয় মৌসুমেও অভিনয় করেছেন তিনি।




