২০০৮ সালে স্ত্রী প্রিয়া ও মেয়ে অহনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান টনি ডায়েস। বর্তমানে নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভিলে বসবাস করছেন এই অভিনেতা। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নৃত্যশিল্পী প্রিয়া ডায়েসকে বিয়ে করেন তিনি। এ বছর ফেব্রুয়ারিতেই বিবাহিত জীবনের ২৫ বছর পূর্ণ হয়। তবে নানা ব্যস্ততার কারণে তখন উদযাপন সম্ভব না হওয়ায় সম্প্রতি নিউইয়র্কে রজতজয়ন্তীর এই আয়োজন করেন তাঁরা।

সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ছবি শেয়ার করে আবেগঘন কিছু কথা লিখেছেন টনি ডায়েস। তিনি জানিয়েছেন, ২৫ বছরের পথচলায় সবচেয়ে বড় প্রাপ্তি হলো এমন একটি পরিবার ও পরিমণ্ডল, যারা সবসময় সুখের দিনে পাশে থাকে, আনন্দ ভাগ করে নেয় এবং ভালোবাসাকে আরও গভীর করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তাদের উপস্থিতি কেবল একটি অনুষ্ঠানে যোগদান ছিল না, বরং এটি আমাদের জীবনের ২৫ বছরের গল্পকে ভালোবাসায় পরিণত করার মতো এক অবিস্মরণীয় উপলক্ষ।’

দাম্পত্য জীবনের স্মৃতিচারণ করে টনি ডায়েস লেখেন, ক্যামেরার সামনে তাঁরা অসংখ্য গল্প বলেছেন, কিন্তু সবচেয়ে মধুর গল্পটি তাঁদের নিজেদের ভালোবাসার গল্প। বছর পেরিয়েছে, দেশ বদলেছে; তবুও একসঙ্গে কাটানো শুটিং, মহড়া এবং স্টুডিওর হাসিমাখা স্মৃতিগুলো আজও তাঁদের কাছে ততটাই সতেজ। তাঁর মতে, ২৫তম বিবাহবার্ষিকীর আয়োজন শুধু তাঁদের দুজনের উদযাপন ছিল না, বরং বহু বছরের সম্পর্ক, বন্ধুত্ব ও স্মৃতির এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

দাম্পত্য সম্পর্কের প্রসঙ্গ টেনে টনি আরও লেখেন, একটি সম্পর্ক কখনো শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; সময়ের সঙ্গে সেটি পরিবার, বন্ধু এবং ভালোবাসার মানুষের একটি বৃহত্তর গল্প হয়ে ওঠে। ২৫ বছরের এই যাত্রায় যাঁরা পাশে ছিলেন এবং বিশেষ দিনটিকে আরও সুন্দর করে তুলেছেন, তাঁদের প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও, প্রবাস জীবনের ব্যস্ততা তাঁদের এই বিশেষ দিনটিকে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে উদযাপনে বাধা হতে দেয়নি। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও বন্ধুমহলের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়, যা তাঁদের বৈবাহিক জীবনের এই মাইলফলককে আরও স্মরণীয় করে তোলে।