কিশোরগঞ্জের করিমগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাবা। গতকাল শুক্রবার বিকেলে বালিখলা হাওরের পাশে মিঠামইনের হাসানপুর সেতু সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন বাছির উদ্দিন। সেখানে একটি ডুবুডুবু সড়কে নৌকা থেকে নেমে গোসল করার সময় তাঁর আট বছর বয়সী মেজ মেয়ে শেমন্ত্রী আক্তার পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। কোনো দ্বিধা না করে বাবা বাছির পানিতে ঝাঁপ দেন এবং প্রাণপণ চেষ্টায় মেয়েকে নিরাপদে সড়কে তুলে দিতে সক্ষম হন। কিন্তু তীব্র স্রোতের কারণে তিনি নিজে আর উঠতে পারেননি এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ পর তাঁর মরদেহ উদ্ধার করে। বাছির উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোলপাম্প এলাকার বাসিন্দা এবং পেশায় ফিজিওথেরাপিস্ট ছিলেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান এই তথ্য নিশ্চিত করেছেন।

একই দিনে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে পানিতে ডুবে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামে সকাল আটটার দিকে বড় ভাই ও অন্যান্য শিশুর সঙ্গে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় পাঁচ বছর বয়সী হাকিম। বড় ভাই বিষয়টি পরিবারকে জানালে তারা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিকলী থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুরের টঙ্গী এরশাদ নগরের বাইতুল কোরআন কওমি মাদ্রাসার এক শিক্ষক প্রায় ৪০ শিক্ষার্থী নিয়ে মিঠামইনের হাওর এলাকায় বেড়াতে আসেন। হাওর ভ্রমণ শেষে ইসলামপুর ঘাট এলাকায় সবাই গোসল করতে নামলে পানির তীব্র স্রোতে ভেসে যায় মাদ্রাসাছাত্র আরিফ হোসেন (১২)। দুপুরের দিকে ঘটনাস্থলের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম।

কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের নাঈম মিয়া (১১) বেলা দুইটার দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে বিলের পানিতে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে একটি প্লাস্টিকের বোতল ধরে সাঁতার কাটছিল। গোসল শেষে অন্যদের সঙ্গে বাড়ি ফেরার পথে বোতলটি বিলে ফেলে আসার কথা মনে পড়লে একাই তা আনতে ফিরে যায়। এ সময় পা পিছলে গভীর পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার শুভ ইসলাম (১২) গত বৃহস্পতিবার বাড়ি থেকে গোসল করতে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিকেলের দিকে জগন্নাথপুর এলাকার নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসি লিমন বোস জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।