মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে আসা আরেকটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দুটি গাছের মাঝখানে আটকে যায়। এতে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে চালক গুরুতর আহত অবস্থায় আটকে পড়েন। খবর ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে চালককে জীবিত বের করে আনেন।
আজ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে গজারিয়ার ভবেরচর কলেজ রোড এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম ইস্কান্দার মিয়া (৫১), তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। পথে ভবেরচর এলাকায় পেছন থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ভ্যানটি মহাসড়কের পাশের দুটি গাছের সংকীর্ণ ফাঁক দিয়ে ঢুকে যায়, ফলে যানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে কাভার্ড ভ্যানের ভেতরে আটকে পড়া চালককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ইস্কান্দার মিয়াকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ ও পেছন থেকে ধাক্কা দেওয়া গাড়িটির পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এলাকায় যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।




